
আবদুল মালেক (৬২) রাজধানীর মোহাম্মদপুর থেকে নাতিকে নিয়ে প্রতিদিন ধানমন্ডি যাতায়াত করেন। বেশির ভাগ দিনে এই যাতায়াতে বাসেই চড়েন। বাসে নাতিকে বসাতে পারলেও অধিকাংশ সময় আসন না পাওয়ায় তাঁকে দাঁড়িয়ে যেতে হয়। কারণ, বাসে মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত থাকলেও প্রবীণদের জন্য নেই।
অথচ প্রবীণদের জন্য বাসসহ সব যানবাহনে আসন সংরক্ষিত রাখার উল্লেখ রয়েছে জাতীয় প্রবীণ নীতিমালা, ২০১৩-তে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এই নীতিমালা অনুমোদন করেছে। ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। কিন্তু নিজেদের এই অধিকার সম্পর্কে আবদুল মালেক বা অন্য প্রবীণ ব্যক্তিরা জানেন না। জানেন না রাজধানীতে চলাচলকারী বাসের চালক ও সহকারীরা। বাসেও এমন কোনো কিছু লেখা নেই।
জাতীয় প্রবীণ নীতিমালায় বলা হয়েছে, সকল প্রকার যানবাহনে (বিমান, বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার, মনোরেল, মেট্রোরেল ইত্যাদি) প্রবীণ ব্যক্তিদের জন্য আসন সংরক্ষণ করতে হবে এবং বিশেষ ছাড়ে অর্থাৎ স্বল্পমূল্যে টিকিট দিতে হবে। এ নীতিমালা অনুযায়ী ৬০ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিরাই প্রবীণ হিসেবে স্বীকৃত হবেন।
কিন্তু প্রজ্ঞাপন জারির প্রায় পৌনে তিন বছর পরও এই নীতিমালার বাস্তবায়ন হয়নি। ফলে যানবাহনে প্রাপ্য এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবীণ পুরুষেরা।
আজ ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। বাসে আসন সংরক্ষিত না থাকার মতো আরও অনেক অধিকার থেকেই প্রবীণ ব্যক্তিরা বঞ্চিত।
আলী হোসেন (৬৫) সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। তিনি বলেন, ‘প্রতিদিন লালমাটিয়া থেকে মতিঝিল যেতে হয়। ঠেলাঠেলি করে উঠি। সিট না পেলে দাঁড়িয়েই যাই। মাঝে মাঝে কেউ সিট ছেড়ে বসতে দেয়।’ তাঁদের জন্য আসন সংরক্ষিত থাকার নীতিমালা সম্পর্কে তিনি জানেন না। তিনি বলেন, ‘এই দেশে তো কত নীতিই থাকে। কয়জন তা জানে আর মানে।’ তবে তিনি চান এ রকম নীতি সরকার করে থাকলে সেটা যেন প্রয়োগ হয়।
নারীদের জন্য বাসে আসন সংরক্ষিত থাকায় প্রবীণ নারীদের এ সমস্যায় পড়তে হয় না। এ ছাড়া গণপরিবহনে তাঁদের চলাচলও কম।
সদরঘাট থেকে মিরপুর পথে চলাচলকারী বিহঙ্গ পরিবহনে ভাড়া আদায়কারী মো. ইউসুফকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনিও কিছু জানেন না বলে জানান। প্রবীণ ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসনের বিষয়ে কখনো কোনো নির্দেশনা পেয়েছেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘এই রকম কোনো সিস্টামের কতা কেউ কয় নাই।’
কয়েকজন প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, ঠেলে ওঠা ছাড়াও প্রয়োজনে চলন্ত বাসেও তাঁদের উঠতে হয়। কখনো চালকের সহকারী টেনে তোলেন, নয়তো অন্যদের সঙ্গে পাল্লা দিতে হয়। প্রবীণদের কথা চিন্তা করে বাসের চালক ও সহকারীদের আরও সহনশীল হতে বলেন তাঁরা।
প্রবীণদের জন্য স্বল্পমূল্যের টিকিটের বাস্তবায়নও নেই। রাজধানীর মৈত্রী, মালঞ্চ, বিকল্প, বিআরটিসি, বিকাশসহ বিভিন্ন পরিবহনের বাসে উঠে দেখা যায়, কোনো বাসেই সংরক্ষিত আসনের বিষয়টি উল্লেখ নেই, প্রবীণদের কাছ থেকে ভাড়াও কম রাখা হয় না।
এ ব্যাপারে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উপপরিচালক মাসুদুল হক বলেন, ‘আমি বিষয়টা সম্পর্কে জেনে বলতে পারব।’
ট্রাফিক পুলিশ উত্তরের যুগ্ম কমিশনার মো. আবদুর রাজ্জাক বলেন, ‘কিছুদিন আগে সভা হয়েছে; সেখানে এ বিষয়ে আমরা বাসমালিকদের বলে দিয়েছি।’
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ: বয়সবৈষম্য নিরসনের আহ্বানকে প্রতিপাদ্য করে আজ ১ অক্টোবর পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
দিবসটি পালনের উদ্দেশ্য প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা। পাশাপাশি বার্ধক্যের বিষয়ে সচেতনতা বাড়ানো।
জাতিসংঘ ১৯৯০ সালে প্রতিবছর ১ অক্টোবর দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। পরের বছর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ দিবসটি পালন শুরু করে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে প্রবীণদের মর্যাদার সঙ্গে বাঁচা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন। আর প্রবীণ-নবীন সবাই মিলে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর বাণীতে।
প্রবীণ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও দাতব্য সেবামূলক প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সোয়া ৮টায় শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলা থেকে একটি শোভাযাত্রা বের হবে। এরপরেই বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হবে একটি বৈজ্ঞানিক সম্মেলন। সকাল ১০টায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে স্মৃতিসৌধের সামনে থেকে শোভাযাত্রা, প্রবীণদের অংশগ্রহণে খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।