প্রবীণদের জন্য 'শ্রদ্ধা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের কেনাকাটায় প্রবীণদের পোশাক নিয়ে খুব একটা মাতামাতি হয় না। অবশ্য শখ করে পছন্দের পোশাকটি কিনতে পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে কেউ কেউ নিজেই বিপণিবিতানে হাজির হন। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঈদের কেনাকাটায় প্রবীণদের পোশাক নিয়ে খুব একটা মাতামাতি হয় না। অবশ্য শখ করে পছন্দের পোশাকটি কিনতে পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে কেউ কেউ নিজেই বিপণিবিতানে হাজির হন। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ঈদবাজারে বলতে গেলে প্রবীণেরা উপেক্ষিত। প্রবীণ মানেই সাদামাটা। তাই ঈদে তাঁদের জন্য ঘটা করে আয়োজন কম। প্রবীণদের নিয়ে বেশির ভাগ পরিবারই যেমন মাথা ঘামায় না, ফ্যাশন হাউসগুলোও তেমিন প্রবীণদের পোশাক-আশাক তৈরির ব্যাপারে উদাসীন।
গতকাল বুধবার নগরের কৃষি মার্কেট, অরচার্ড পয়েন্ট, সীমান্ত স্কয়ার, বসুন্ধরাসহ কয়েকটি বিপণিবিতানে এ রকম চিত্রই দেখা গেল। বিভিন্ন দোকানের বিক্রয়-কর্মীরা জানালেন, পরিবারের বয়স্ক সদস্যটির জন্য কেনাকাটায় সবচেয়ে কম সময় ব্যয় হয়। রোজার প্রথম দিকে না হয়, একেবারে শেষ দিকে প্রবীণদের জন্য কেনাকাটা করেন বেশির ভাগ ক্রেতা। আর প্রবীণদের পোশাকের দামও তুলনামূলক কম।
তবে এর মধ্যে ব্যতিক্রম ফ্যাশন হাউস রঙ। এ হাউসটি বেশ কয়েক বছর ধরেই অন্যান্য পোশাকের পাশাপাশি বিভিন্ন বয়সের প্রবীণদের জন্য পোশাক তৈরি করছে। রাজধানীতে রঙ-এর ১২টি শোরুম। এর মধ্যে অরচার্ড পয়েন্টের শোরুমটি সাজানো হয়েছে ‘শ্রদ্ধা’ ট্যাগ লাগানো পোশাকে। পুরুষ প্রবীণদের জন্য সাদা ও হালকা রঙের পাঞ্জাবির পাশাপাশি নারীদের জন্য হাফসিল্ক, কটন, তসর, মার্সালাইস কটন, অ্যান্ডি সিল্কসহ বিভিন্ন কাপড় প্রবীণদের কথা ভেবেই তৈরি করা হয়েছে। তবে এগুলো দেখতে মোটেই সাদামাটা নয়। এখানকার বিক্রয়কর্মীরা বলেন, অনেকেই ভাবেন, বয়স হলে তাঁদের মনের রংও মিলিয়ে যায়। এটা ঠিক নয়। তাঁরাও রং পছন্দ করেন। শুধু যত্ন নিয়ে তাঁদের পছন্দটা জেনে নিতে হয়।
শ্রদ্ধার ফ্লোর ইনচার্জ সেলিম আলী প্রথম আলোকে বলেন, ‘প্রবীণেরা নিজেরা মার্কেটে কম আসেন। পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি নিয়ে তেমন চিন্তাভাবনা করেন না। তাই অন্যান্য শোরুমের চেয়ে এখানে বিক্রি কম। তবে একসময় আসবে যখন ক্রেতারাই আমাদের খুঁজবে।’
নিলুফার রাব্বানী পুরান ঢাকার আগামসিহ লেনে থাকেন। বয়স ৬০ বছর। স্বামী ব্যবসায়ী। গৃহিণী নিলুফার রাব্বানীর দুই মেয়ে ও এক ছেলে। নিজের এবং পরিবারের অন্য সদস্যদের জন্য কেনাকাটা করতে তিনি অরচার্ড পয়েন্টে ‘শ্রদ্ধা’য় এসেছেন। সাদা জমিনে কালো স্ক্রিন প্রিন্টের একটি সুতি শাড়ি কিনলেন। দাম এক হাজার ৩৫০ টাকা। নিজের জন্য কেনাকাটায় নিজের পছন্দের পাশাপাশি তিনি সঙ্গে থাকা মেয়ে ও নাতিদের কাছ থেকেও মতামত জেনে নিচ্ছিলেন।
নিলুফার রাব্বানী বললেন, ‘পছন্দকে প্রাধান্য দিতে কেনাকাটা করতে এতদূর আসতে হয়েছে। নিজের জন্য কেনাকাটার পাশাপাশি ছেলে, মেয়ে, নাতিসহ অন্যদের জন্যও কেনাকাটা করব।’
কৃষি মার্কেটে একজন ক্রেতাকে শাশুড়ির জন্য কেনাকাটা করতে দেখা গেল। নূরে মদিনা নামের দোকানে এই ক্রেতা গোলাপি রঙের চকচকে একটি শাড়ি দেখাতে বললেন। এই ক্রেতার সঙ্গে থাকা আরেকজন খানিকটা বিরক্ত হয়েই বললেন, ‘তুই না বললি তোর শাশুড়ির জন্য কিনবি, তাহলে গোলাপি শাড়ি দিয়ে কী করবি?’ তখন ওই ক্রেতা বলেন, ‘আমার শাশুড়ির বয়স হইছে। তবে গোলাপি রং তাঁর পছন্দ। এবার ঈদে এ ধরনেরই একটি শাড়ি চেয়েছেন।’
বসুন্ধরা মার্কেটে ফ্যাশন হাউস সাদাকালো ‘যুগল পোশাক’, ‘তুমি আমি এক চিমটি’সহ বিভিন্ন শিরোনামে পোশাক সাজিয়েছে। তবে সাদা রংটি প্রবীণেরা বেশি পছন্দ করেন। তাই এখানে প্রবীণদের জন্য কেনাকাটার ভিড় লেগে আছে।