প্রবীণদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান
সমাজে প্রবীণ নাগরিকের সংখ্যা বাড়ছে। পরিবারের সদস্যদের প্রবীণদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। বিশেষ করে ক্যানসার, হৃদ্রোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসংক্রামক রোগের বিষয়ে সতর্ক থাকতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে বয়স্বী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় এ বক্তারা এসব কথা বলেন।
‘ক্যানসার ও বার্ধক্যে কী করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বয়স্বী কল্যাণ সমিতির সভাপতি সেলিনা আখতার।
ক্যানসার বিশেষজ্ঞ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক প্রবীণেরা অসুস্থ হলে আতঙ্কিত না হয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সংক্রামক রোগগুলো ঠেকিয়ে রাখতে পারলে দীর্ঘ জীবনের সুযোগ আছে। প্রবীণদের ক্যানসার, হৃদ্রোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসংক্রামক রোগের ঝুঁকি বেশি। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। ঝুঁকি এড়াতে প্রবীণ ব্যক্তিদের ধূমপান করা ও তামাক নেওয়া থেকে বিরত থাকতে হবে।
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক সাহিদা চৌধুরী বলেন, পারিবারিক সিদ্ধান্তে প্রবীণ ব্যক্তিদের প্রাধান্য দিতে হবে। তাঁদের সময় দিতে হবে। প্রবীণ ব্যক্তিদের প্রতি সহানুভূতি নয়, সমানুভূতি দেখাতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আয়োজক সমিতির সহসভাপতি শামীম ফারুক, সাধারণ সম্পাদক অধ্যাপক আফসানা করিম প্রমুখ।
আলোচনা সভার আগে সকাল সাড়ে নয়টায় বয়স্বী কল্যাণ সমিতির অষ্টম সাধারণ সভা উপলক্ষে র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ধানমন্ডির কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।