প্রবীণদের প্রতি যত্নশীল হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজে প্রবীণ নাগরিকের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে তাঁদের দেখাশোনা করার প্রয়োজনীয়তাও বাড়ছে। যত্নবান হতে হবে তাঁদের স্বাস্থ্যের প্রতি। বিশেষ করে ক্যানসার, হৃদ্‌রোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসংক্রামক রোগের বিষয়ে সতর্ক থাকতে হবে।

রাজধানীর ধানমন্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে আজ শুক্রবার সকাল ১০টায় এক আলোচনা সভায় প্রবীণদের প্রতি যত্নশীল হওয়ার এ আহ্বান জানানো হয়। বয়স্বী কল্যাণ সমিতি তাদের অষ্টম সাধারণ সভা উপলক্ষে ‘ক্যানসার ও বার্ধক্যে কী করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বয়স্বী কল্যাণ সমিতির সভাপতি সেলিনা আখতার। সভায় বক্তব্য দেন, ক্যানসার বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক সাহিদা চৌধুরী প্রমুখ।
প্রবীণরা অসুস্থ হলে আতঙ্কিত না হয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক। আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, সংক্রামক রোগগুলো ঠেকিয়ে রাখতে পারলে দীর্ঘজীবনের সুযোগ আছে। প্রবীণদের ক্যানসার, হৃদ্‌রোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসংক্রামক রোগের ঝুঁকি বেশি। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, ক্যানসারের ঝুঁকি এড়াতে প্রবীণ ব্যক্তিদের ধূমপান করা ও তামাক নেওয়া থেকে বিরত থাকতে হবে। তামাক, জর্দা ও ধূমপান ছেড়ে দিলে ৯০ শতাংশ ক্যানসার ঝুঁকি কমানো সম্ভব।

পরিবারে প্রবীণ ব্যক্তিদের গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে অধ্যাপক সাহিদা চৌধুরী বলেন, পারিবারিক সিদ্ধান্তে প্রবীণ ব্যক্তিদের প্রাধান্য দিতে হবে। তাঁদের সময় দিতে হবে। প্রবীণ ব্যক্তিদের প্রতি সহানুভূতি নয় সমানুভূতি দেখাতে হবে।

আয়োজক সমিতির সহসভাপতি শামীম ফারুক বলেন, সমাজে প্রবীণ ব্যক্তির সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে তাঁদের দেখাশোনা করার প্রয়োজনীয়তাও বাড়ছে। পরিবারের সদস্যদের প্রবীণদের প্রতি তাই আরও যত্নশীল হতে হবে।

সভায় সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আফসানা করিম সমিতির বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। এর আগে সকাল সাড়ে নয়টায় দিনব্যাপী এই অষ্টম সাধারণ সভা উপলক্ষে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ধানমন্ডির কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।