ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ বলেছেন, প্রবীণদের সংগঠিত হতে হবে। সামনে নির্বাচন। বিভিন্ন দলের নির্বাচনী ইশতেহারে প্রবীণদের নিয়ে কিছু বলা না হলে প্রবীণদের বলতে হবে, আওয়ামী লীগ বা বিএনপিকে ভোট দেব না। এভাবে প্রবীণদের ভোট ব্যাংক তৈরি হলে তাহলেই রাজনৈতিক দলগুলো ভয় পাবে।
ফজলে হাসান প্রবীণদের সঞ্চয় বাড়ানো এবং তাঁদের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করার ওপর জোর দেন। এ ক্ষেত্রে ব্র্যাকের পক্ষ থেকেও সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
গতকাল রোববার ফোরাম ফর দ্য রাইটস অব দি এল্ডারলি, বাংলাদেশ এবং এনজিও ফেডারেশন যৌথভাবে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্র্যাক সেন্টার ইন-এ অনুষ্ঠিত ‘প্রবীণের প্রত্যাশাই আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন এনজিও ফেডারেশনের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, প্রবীণদের ‘জ্যেষ্ঠ নাগরিক’ হিসেবে স্বীকৃতি দিতে পয়সা লাগে না। সেমিনারে এম আর খান বলেন, ‘আগামী ৯০ দিনের মধ্যে প্রবীণবিষয়ক নীতিমালার খসড়া আলোর মুখ দেখবে, এটাই হলো প্রবীণ এম আর খানের প্রত্যাশা।’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম প্রবীণদের নিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা দেন। তিনি বলেন, আইন ও নীতি দিয়ে প্রবীণদের সম্মান রক্ষা করা সম্ভব নয়। এটা সবার ভেতর থেকে আসতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ পড়ে শোনান ফোরাম ফর দ্য রাইটস অব দি এল্ডারলি, বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আবুল হাসিব খান। তিনি প্রবন্ধ পড়া শেষে সবাইকে মনে করিয়ে দেন, বেঁচে থাকলে সবাইকেই একদিন না-একদিন প্রবীণ হতে হবে। তাই প্রবীণদের অবহেলা করা চলবে না।
জাতিসংঘের সিডও কমিটির সাবেক সদস্য ফেরদৌস আরা বেগম প্রবীণ নারীদের বিভিন্ন অবস্থান তুলে ধরেন। তিনি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে এক জায়গা থেকে প্রবীণ নারীদের সেবা দেওয়ার কথা বলেন। প্রবীণদের সেবাটা যাতে সবাই মন থেকে করে সে আহ্বানও জানান তিনি।
প্রবীণবিষয়ক বিশেষজ্ঞ সামনুন এফ তাহা প্রবীণদের মানসম্মত চিকিৎসা পাওয়ার বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, প্রবীণদের শুধু হাসপাতালে ভর্তি করে দিলেই হবে না, তাঁদের পরিবারের ভেতরে রেখে সেবা করতে হবে। এ ছাড়া কমিউনিটিভিত্তিক সেবা দেওয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে।
সেমিনারে প্রবীণদের জন্য বাজেট বরাদ্দ, বয়স্ক-ভাতার পরিমাণ ও পরিসর বাড়ানো, বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা করা এবং বিশেষত তাঁদের মর্যাদা যাতে অটুট থাকে সেদিকে সবাইকে নজর দেওয়ার আহ্বান জানান আলোচকেরা।