বিশ্ব প্রবীণ দিবসে গতকাল শনিবার ‘বয়স বৈষম্য দূর করুন’ স্লোগান নিয়ে নারায়ণগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। মানিকগঞ্জে এ দিবস উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।
দুপুরে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখা এবং প্রবীণ কল্যাণ সংঘের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হেলাল উদ্দিন ভূঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক রাব্বি মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আযম, জেলা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ শিরিন আক্তার, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক তালুকদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণদের কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। জেলা প্রশাসক রাব্বি মিয়া প্রবীণদের কল্যাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বৃদ্ধ মাকে সেবাযত্ন করার স্বীকৃতিস্বরূপ সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকার আক্তার বানুকে ‘মমতাময়ী’ ও অসুস্থ বাবাকে সেবাযত্ন করার স্বীকৃতিস্বরূপ শহরের জামতলা এলাকার বাসিন্দা আসিফ হোসেনকে ‘মমতাময়’ পুরস্কারের ক্রেস্ট দেওয়া হয়।
মানিকগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘ, বেসরকারি গবেষণামূলক সংস্থা বারসিক, হেল্পএজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জনারণ্যের উদ্যোগে জেলা প্রশাসন তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করে।
গতকাল সকাল ১০টার দিকে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস নিজ কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি জেলা শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১১টার দিকে শহরের বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে শতাধিক প্রবীণ ব্যক্তি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিজয় মেলা মাঠে আলোচনা সভা, প্রবীণদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ হিতৈষী সংঘের জেলা সভাপতি মফিজুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা, বারসিকের জেলা সমন্বয়কারী বিমল রায়, হেল্পএজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা পবিত্র মান্দা প্রমুখ।
আলোচনা সভা শেষে পরিবারে প্রবীণ সদস্যদের সেবার স্বীকৃতিস্বরূপ একজন মমতাময় পুরুষ ও একজন মমতাময়ী নারীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর প্রবীণদের অংশগ্রহণে বালিশ খেলা ও মার্বেল-চামচ খেলার আয়োজন করা হয়। এ ছাড়া শিশুদের নৃত্য ও প্রবীণদের নিয়ে আয়োজন করা হয় আড্ডার আসরের। বিকেলে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বসে বাউল ও ভাব-বৈঠকি গানের আসর।