প্রবীণদের 'সিনিয়র সিটিজেন' ঘোষণা
রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রবীণ ব্যক্তিদের দেশের সিনিয়র সিটিজেন হিসেবে ঘোষণা দিয়ে তাঁদের মর্যাদা ও নিরাপত্তা এবং খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য আন্তরিকভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে অবদান রাখার জন্য শ্রদ্ধা প্রদর্শনে আমি সমাজের সকল প্রবীণদের দেশের সিনিয়র সিটিজেন হিসেবে ঘোষণা করছি।’
দেশের প্রবীণদের সিনিয়র সিটিজেন হিসেবে ঘোষণা দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। খবর বাসসের
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, জাতীয় অধ্যাপক এম আর খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম ও প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব এ এস এম আতিকুর রহমান অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন।
রাষ্ট্রপতি বলেন, চিকিৎসাবিজ্ঞানের অসাধারণ অগ্রগতি আয়ু বৃদ্ধিতে সহায়ক হওয়ায় সমাজে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, দেশে প্রবীণদের সংখ্যা এক কোটি ৩০ লাখ এবং এই সংখ্যা ২০২৫ সাল নাগাদ দাঁড়াবে এক কোটি ৮০ লাখ ও ২০৫০ সাল নাগাদ দাঁড়াবে চার কোটিতে।
এর অর্থ দাঁড়াচ্ছে প্রবীণ লোকদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশে পৌঁছাবে, এটি ভবিষ্যতে দেশের সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যসেবার জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে উঠবে।
প্রবীণদের পরিবার ও সমাজের পাশাপাশি রাষ্ট্রের মূলধারায় রাখার প্রতি জোর গুরুত্বারোপ করে তিনি বলেন, হাসপাতাল, ব্যাংক, অফিস ও আদালতসহ সব নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকার দিতে সমাজের দায়বদ্ধতা রয়েছে।
সমাজে ও রাষ্ট্রে প্রবীণদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রবীণদের কল্যাণে সরকার অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে। ১৯৯৭-৯৮ সাল থেকে বয়স্ক ভাতা চালু করা হয়েছে এবং এ ধরনের ভাতাপ্রাপ্তদের সংখ্যা বেড়ে চার লাখ থেকে ২৭ লাখ ২২ হাজারে দাঁড়িয়েছে এবং ভাতা ১০০ থেকে ৪০০ টাকা করা হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, ‘প্রবীণ ব্যক্তিদের কল্যাণে মন্ত্রিসভা “দি ন্যাশনাল পলিসি অন এলডারলি ২০১৩” অনুমোদন করেছে জেনে আমি এখানে এসেছি। সরকার অবশ্য “ফিডিং অ্যান্ড লজিং টু প্যারেন্টস অ্যাক্ট, ২০১৩” প্রণয়ন করেছে এবং এই আইনের আওতায় সন্তানেরা তাদের পিতামাতার খাবার ও বাসস্থান নিশ্চিত করতে বাধ্য।
রাষ্ট্রপতি সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অধীনে দেশের প্রবীণদের কল্যাণে কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।