প্রবীণহিতৈষী সংঘে অবৈধ স্থাপনা নিয়ে অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে প্রবীণহিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানে অননুমোদিত ভবন নির্মাণ করা হচ্ছে। কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্যের সিদ্ধান্তে এটা শুরু হয়। কিন্তু সংঘের বেশির ভাগ সদস্যের আপত্তি এবং যথাযথ অনুমোদন না থাকায় গণপূর্ত মন্ত্রণালয় ইতিমধ্যে নির্মাণ হয়ে যাওয়া ভবন ‘ভেঙে অপসারণ’ করার নির্দেশ দিয়েছে।
তবে প্রবীণহিতৈষী সংঘের মহাসচিব দাবি করেছেন, গণপূর্ত বিভাগ স্থাপনা ভাঙতে নয়, সীমানাপ্রাচীর থেকে পিছিয়ে নিতে বলেছে।
প্রতিষ্ঠানের কয়েকজন সদস্য অভিযোগ করেন, কমিটির কয়েকজন সদস্য নিজেদের স্বার্থে দরপত্র আহ্বান না করে এবং নকশার অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ শুরু করেন। নির্মাণকাজ অনেক দূর এগিয়েছে।
প্রবীণহিতৈষী সংঘের আজীবন সদস্য জাঁ-নেসার ওসমান প্রথম আলোকে বলেন, প্রবীণদের উন্নয়নের জন্য যে বরাদ্দ, সেই অর্থ দিয়ে অবৈধ স্থাপনা তৈরি করা হলো, এটা তো মেনে নেওয়া যায় না। অবৈধ হওয়ায় এখন স্থাপনাটা ভেঙে ফেলতে হবে। আখেরে ক্ষতি হলো সংঘের।
সংঘের একাধিক সদস্য জানান, বর্তমান কমিটি এর আগে অস্থায়ী স্থাপনা তৈরি করে প্রবীণ বাজার করার কথা বলেছিল। এখন বলা হচ্ছে, এখানে ইনস্টিটিউট অব জেরিয়াট্রিক মেডিসিন ভবন করা হবে। কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে ২০১০ সালে এর আগের কমিটি ইনস্টিটিউট অব জেরিয়াট্রিক মেডিসিন নামে কোর্স চালু করে। কোর্সের নামে জেরিয়াট্রিক বা প্রবীণ বিষয়টি উল্লেখ থাকলেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নার্সিংসহ সাধারণ বিষয়েই। দুই বছর মেয়াদি বর্তমান কমিটি দায়িত্ব পায় ২০১২ সালে।
প্রবীণহিতৈষী সংঘের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ১৯৮১ সালে গণপূর্ত মন্ত্রণালয় শেরেবাংলা নগরে শূন্য দশমিক ৮৭৫ একর জমি এই সংঘকে বরাদ্দ দেয়। বরাদ্দপত্রে শর্ত ছিল, ভবনের স্থাপত্য নকশা স্থাপত্য অধিদপ্তর প্রণয়ন করবে এবং ভবনের নির্মাণকাজ করবে গণপূর্ত অধিদপ্তর। সে অনুযায়ী ১৯৮৫ সালে হাসপাতাল ও প্রবীণ নিবাস ভবন নির্মিত হয়। ওই জমির লিজ দলিল এখনো হয়নি। গত বছর শুরুর দিকে প্রতিষ্ঠানের ভেতরে খালি জায়গায় স্থাপনা নির্মাণ শুরু হয় বর্তমান কমিটির কিছু সদস্যের সিদ্ধান্তে। এ জন্য স্থাপত্য অধিদপ্তর থেকে নকশা করানো হয়নি এবং দরপত্র আহ্বান করা হয়নি। হাসপাতাল উন্নয়নে সরকারের দেওয়া অনুদানের টাকা থেকে এ কাজে তিন লাখ টাকা অগ্রিম মঞ্জুর করা হয়।
প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহাসচিব এ কে এম আবদুল ওয়াহেদের মেয়ে তৈয়বা খাতুন ওই স্থাপনা তৈরি না করার জন্য ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছিলেন। কমিটির কয়েকজন সদস্যও বিভিন্নভাবে এ বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।
গণপূর্ত বিভাগের সূত্র জানায়, স্থাপনা নির্মাণের বিষয়টি জেনে গত বছরের ৭ মে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী এ কে এম গোলাম কবির অনুমোদনহীন নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সংঘের মহাসচিবকে চিঠি দেন। কাজ বন্ধ না করায় ওই বছরের ৩০ মে তিনি আবার চিঠি দিয়ে নকশাবহির্ভূত অংশ ভেঙে অপসারণ করতে বলেন। একই বছরের ১১ জুন মহাসচিবকে চিঠি দেন ঢাকা গণপূর্ত সার্কেল-৩-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মোমেন চৌধুরী। পরে কাজ বন্ধ করা হয়।
তবে প্রবীণহিতৈষী সংঘের মহাসচিব এ এস এম আতীকুর রহমান প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন স্থাপনাটিকে অবৈধ বলা যাবে না। প্রতিষ্ঠানের নিজস্ব জায়গায় এটি হচ্ছে। গণপূর্তের পক্ষ থেকে স্থাপনা ভাঙতে বলা হয়নি, সীমানাপ্রাচীরের সঙ্গে লেগে যাওয়ায় স্থাপনাটি একটু পিছিয়ে দিতে বলা হয়েছে। তাই এ খাতে খুব বেশি টাকা খরচ হবে না। তিনি বলেন, স্থাপনা তৈরির জন্য চার-পাঁচ মাস আগে গণপূর্ত বিভাগে অনুমোদন চাওয়া হয়।
দরপত্র আহ্বান না করা এবং অনুমোদনহীন নকশা প্রসঙ্গে মহাসচিব বলেন, সাময়িক স্থাপনার জন্য একতলা ভবনের ফাউন্ডেশন করা হয়েছিল। ফাউন্ডেশন বেশ শক্ত হওয়ায় সবাই এটিকে দোতলা করতে বলেন। তিনি দাবি করেন, জেরিয়াট্রিক মেডিসিনে বার্ধক্যবিষয়ক কোর্স চালু করা হয়েছে।
১৯৬০ সালে চিকিৎসক এ কে এম আবদুল ওয়াহেদের ধানমন্ডির বাসভবনে যাত্রা শুরু হয়েছিল প্রবীণহিতৈষী সংঘের। সমাজসেবা অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় সমাজকল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুদানসহ বিভিন্ন অনুদান এবং নিজস্ব আয়ে চলছে প্রতিষ্ঠানটি।