প্রবীণেরা জ্যেষ্ঠ নাগরিক হিসেবে পরিচিতি পাবেন
দেশের প্রবীণ জনগোষ্ঠী আনুষ্ঠানিকভাবে ‘সিনিয়র সিটিজেন’ বা জ্যেষ্ঠ নাগরিক হিসেবে পরিচিতি পাবেন। ষাটোর্ধ্ব প্রবীণ জনগোষ্ঠী এ সম্মান পাবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ ঘোষণা দেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, বার্ধক্য কিন্তু বসে নেই। শুধু সংখ্যায় এঁরা যে দ্রুত বাড়ছেন তাই নয়, এঁদের অধিকারগত প্রয়োজন মেটানোর মতো পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সক্ষমতা ক্রমেই গভীর সংকট এবং তীব্র চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়ছে। অথচ এই বিষয়ে সবাই খুবই অসচেতন, উদাসীন ও নিষ্ক্রিয়।
অনুষ্ঠানে জানানো হয়েছে, বর্তমানে বাংলাদেশে প্রবীণের (৬০ বা তার বেশি বছর বয়সী) সংখ্যা প্রায় এক কোটি ২০ লাখ । ২০২৫ সাল নাগাদ এই প্রবীণ ব্যক্তিদের সংখ্যা হবে প্রায় এক কোটি ৮০ লাখ। ২০৫০ সালে হবে প্রায় চার কোটি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় অধ্যাপক এম আর খান। প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব এ এস এম আতিকুর রহমান ধন্যবাদ বক্তব্য দেন।