প্রবীর শিকদারের মামলা তুলে নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
দৈনিক বাংলা ৭১ পত্রিকার সম্পাদক প্রবীর শিকদারকে গত আগস্টে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে জামিনে রয়েছেন। তাঁকে গত রোববার আদালতে হাজির করা হয়। ফেসবুকে একটি বক্তব্য প্রকাশের অভিযোগে মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁর অন্তত ১০ বছর কারাদণ্ড হতে পারে।
অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক চম্পা প্যাটেল বলেন, প্রবীর শিকদারের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে নিঃশর্তভাবে প্রত্যাহার করা উচিত। একজন সম্মানিত সাংবাদিকের শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য দেওয়ার মতো সামান্য কারণে ১০ বছরের সাজার মুখোমুখি হওয়ার পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক।’
গত বছর ফেসবুকে একটি পোস্টে প্রবীর শিকদার লেখেন, তাঁর মৃত্যু বা কোনো ধরনের ক্ষতি হলে সরকারের একজন মন্ত্রীসহ অন্যরা দায়ী থাকবেন। এরপর তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলায় স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ‘ভাবমূর্তি ক্ষূণ্ন করার’ অভিযোগ আনা হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হলে তাঁর ৭ থেকে ১৪ বছরের সাজা হতে পারে।