প্রবীর সিকদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে করা মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার এই মামলার ধার্য তারিখে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এ সময় আদালতের অতিরিক্ত বিচারিক হাকিম মো. মাসুদ আলী মামলাটি ঢাকার সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয় আগামী ২৫ মে।
ফরিদপুরের কোর্ট পরিদর্শক সুবীর রায় প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় সাংবাদিক প্রবীর সিকদারকে অভিযুক্ত করে ১৬ মার্চ আদালতে অভিযোগপত্র দেন। তবে ওই দিন এই মামলার ধার্য তারিখ না হওয়ায় আদালত ধার্য তারিখে অভিযোগপত্র উপস্থাপন করার আদেশ দেন। গতকাল নির্ধারিত দিনে অভিযোগপত্র উপস্থাপন করা হয়। এতে বলা হয়, প্রবীর সিকদারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, প্রাথমিক তদন্তে তার সত্যতা পাওয়া গেছে। তাই তাঁকে ওই মামলায় অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিলে আদালত মামলাটি সাইবার ট্রাইব্যুনালে হস্তান্তরের নির্দেশ দেন।
এ ব্যাপারে সাংবাদিক প্রবীর সিকদার প্রথম আলোকে বলেন, ‘এই অভিযোগপত্র বিশেষ নির্দেশনায় দেওয়া হয়েছে। আমি আইনগতভাবেই এ মামলার মোকাবিলা করব।’
গত বছরের ১৬ আগস্ট প্রবীর সিকদারকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলাটি করেন জেলা পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল।
এজাহারে মামলার বাদী বলেন, প্রবীর সিকদার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ আগস্ট বেলা ১১টা ১৫ মিনিটে ‘আমার জীবন শঙ্কা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসের নিচে তিনি (প্রবীর সিকদার) তাঁর মৃত্যুর জন্য দায়ী হিসেবে তিনজনের নাম উল্লেখ করেন। এর মধ্যে এক নম্বরে ছিল স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নাম।
১৬ আগস্ট রাতে প্রবীর সিকদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরের দিন আদালতে তাঁর রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।