প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। তাঁরা প্রবীরের নিঃশর্ত মুক্তি ও তথ্যপ্রযুক্তি আইনের কালো ধারা বাতিলের দাবি জানিয়েছেন।
আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা সংহতি প্রকাশ করেন।
ফরিদপুরের ১ নম্বর আমলি আদালত আজ প্রবীর সিকদারের জামিন মঞ্জুর করেছেন। ফরিদপুরের কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় গতকাল মঙ্গলবার একই আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে বেলা ১১টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, একাত্তরের শহীদ পরিবারের সন্তান প্রবীর সাংবাদিকতার কারণে সন্ত্রাসীদের হামলায় একটি পা হারিয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে দেশে একটি কলঙ্কজনক ঘটনার উদাহরণ সৃষ্টি করা হলো। তথ্যপ্রযুক্তি আইনের কালো ধারা বাতিলের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক ডিএম তালেবুন নবী, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, শহীদুল হুদা, ডাবলু কুমার ঘোষ, জোনাব আলী, থিয়েটারের সাধারণ সম্পাদক শাহজাহান প্রামাণিক, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক আলী উজ্জামান নূর প্রমুখ।
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে গত রোববার সন্ধ্যায় প্রবীর সিকদারকে তাঁর রাজধানীর ইন্দিরা রোডের অনলাইন পত্রিকা অফিস থেকে আটক করে শেরেবাংলা নগর থানার পুলিশ। ফরিদপুর কোতোয়ালি থানায় তাঁর নামে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় গ্রেপ্তার করে সোমবার ভোরে তাঁকে ফরিদপুরে নিয়ে আসা হয়। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ। আদালত তাঁকে ফরিদপুর জেলহাজতে পাঠিয়ে দেন। গতকাল আদালত প্রবীর সিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।