প্রবীর সিকদারের মামলা প্রত্যাহার দাবিতে সমাবেশ
সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এবং তাঁকে ‘হয়রানির’ প্রতিবাদে গতকাল কয়েকটি স্থানে সমাবেশ ও মানববন্ধন হয়েছে। স্থানগুলো হলো রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী ও কুমিল্লা।
রংপুর: প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের জেলা সভাপতি শাহাদত হোসেন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সদরুল আলম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সহসভাপতি খন্দকার ফখরুল আনাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ: প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, তাঁর নিঃশর্ত মুক্তি ও তথ্যপ্রযুক্তি আইনের ‘কালো ধারা’ বাতিলের দাবি জানানো হয়। এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। বক্তারা প্রবীর সিকদারের চোখে কালো কাপড় বেঁধে পুলিশের জিজ্ঞাসাবাদের তীব্র নিন্দা করেন।
নোয়াখালী: সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিক সমাজ ও উত্তরাধিকার ৭১-এর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে প্রতিবাদী সমাবেশও অনুষ্ঠিত হয়।
কুমিল্লা: দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দুপুরে দেবীদ্বার পৌর এলাকার মুক্তিযুদ্ধ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।