প্রবীর সিকদারের মামলা প্রত্যাহারের দাবি এইচআরএফবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
১৯টি মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত এই ফোরামের আহ্বায়ক সুলতানা কামালের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ দাবি করা হয়। প্রবীর সিকদারের আটক প্রক্রিয়াসহ যেভাবে তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, তারও নিন্দা জানানো হয়।
এইচআরএফবি বলেছে, তারা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের অপব্যবহারের শঙ্কা বারবার প্রকাশ করেছে। প্রবীর সিকদারের আটক প্রক্রিয়া ও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আবারও ওই শঙ্কা যৌক্তিকতা প্রমাণ করে। দেশের প্রত্যেক নাগরিকের মুক্তচিন্তা ও মতামতের বিকাশ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। সরকার এ ধরনের ঘটনা রোধে অতি দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যাশা করেছে।
গত রোববার সন্ধ্যায় প্রবীর সিকদারকে ঢাকায় আটক করা হয়। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের জীবনের শঙ্কা নিয়ে মন্তব্য করার জেরে তাঁকে আটক করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা হয়। ওই মামলায় গত মঙ্গলবার আদালত তাঁর তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। অবশ্য পরদিন গত বুধবার তিনি জামিনে মুক্ত হন। বিজ্ঞপ্তি।