প্রবৃদ্ধি কমবে: এডিবি
জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি রপ্তানি, অভ্যন্তরীণ চাহিদা ও বিনিয়োগ কমে যাওয়ার কারণে চলতি অর্থবছর (২০১৩-১৪) প্রবৃদ্ধি কমবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সংস্থাটির আগারগাঁও কার্যালয়ে আজ বুধবার দুপুরে প্রকাশিত ‘অর্থনৈতিক পরিস্থিতি’ শীর্ষক হালনাগাদ প্রতিবেদনে এই পূর্বাভাস তুলে ধরা হয়।
বছর শেষে সরকার ৭ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। কিন্তু এডিবির প্রক্ষেপণ অনুযায়ী, চলতি অর্থবছর (২০১৩-১৪) শেষে বাংলাদেশে ৫ দশমিক ৮ শতাংশ জাতীয় প্রবৃদ্ধি (জিডিপি) অর্জিত হবে।
অর্থাত্ এডিবির প্রক্ষেপণ অনুযায়ী, বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৪ শতাংশ কমবে।
আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করেন এডিবির এ-দেশীয় প্রধান তেরেসা খো। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ জাহিদ হোসেন।
এডিবি বলছে, জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি রপ্তানি, অভ্যন্তরীণ চাহিদা ও বিনিয়োগ কমে যাওয়ার কারণে প্রবৃদ্ধি কমবে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে রাজস্ব আয়ও কমতে পারে বলে অভিমত এই সংস্থার।