প্রবৃদ্ধি বাড়াতে দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জিডিপির প্রবৃদ্ধি বাড়াতে দুর্নীতির লাগাম টেনে ধরাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আয়কর, মূসক, শুল্ক ও পুলিশ বিভাগের দুর্নীতির কারণে সরকার কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব সংগ্রহ করতে পারছে না। গতবারের তুলনায় এবার শিক্ষা খাতে বরাদ্দ কিছুটা বাড়লেও এখনো তা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। উন্নয়নের জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই।
আজ শনিবার বিকেলে ‘বাংলাদেশের বাজেটে রাষ্ট্রচরিত্রের প্রতিফলন’ শীর্ষক এক সেমিনারে অর্থনীতিবিদ মইনুল ইসলাম এসব কথা বলেন। নগরের জামালখানে চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে ব্যাংকার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ।
চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক ছিলেন অর্থনীতিবিদ মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ। স্বাগত বক্তব্য দেন ব্যাংকার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের সভাপতি শাকিল মাহমুদ।
সেমিনারে মইনুল ইসলাম বলেন, সরকারের বাজেট শুধুই আয় ব্যয়ের খতিয়ান নয়, এতে একটি দেশের রাষ্ট্রচরিত্রের প্রতিফলন ঘটে। আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে আড়াই শতাংশ বরাদ্দ ধরা হয়েছে। এটি গত বছরের তুলনায় বেশি। কিন্তু এরপরও এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে শুধু গলাবাজি না করে এই খাতে ধাপে ধাপে বরাদ্দ বাড়াতে হবে। এ ছাড়া এবার স্বাস্থ্য খাতে এক শতাংশের কম বরাদ্দ ধরা হয়েছে। এটি গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশের প্রবৃদ্ধির হার বর্তমান অর্থবছরে ৭ শতাংশে পৌঁছাবে না উল্লেখ করে মইনুল ইসলাম বলেন, ২০১৬-১৭ অর্থবছরের ঘোষিত বাজেটে গতবারের তুলনায় ৭৬ হাজার ৪০ কোটি টাকা বেশি ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু এটি কীভাবে অর্থায়ন করা যাবে তার বিশ্বাসযোগ্য ব্যাখ্যা নেই। বাজেটে উচ্চাভিলাষী হওয়াটা দোষের নয়, কিন্তু এই উচ্চাভিলাষ যদি বিশ্বাসযোগ্যতার সীমা ছাড়িয়ে যায় তাহলে অর্থমন্ত্রী মহোদয় হাসির খোরাক হয়ে যেতে পারেন।
সেমিনারে মইনুল ইসলাম আরও বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ বেশ কয়েকটি খাতে এগিয়েছে। দেশে খাদ্যঘাটতি নেই, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীর সংখ্যা কমেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয় বেড়েছে, রেমিট্যান্স বেড়েছে। রাজনৈতিক অস্থিরতা ও লুটপাত কমাতে পারলে অদূর ভবিষ্যতে এ দেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৮ শতাংশে বাড়ানো সম্ভব হবে। তবে সরকারের উন্নয়ন ব্যয় এখনো লুটপাটের লোভনীয় আখড়া হিসেবে বহাল রয়েছে। প্রকল্প সাহায্যের অর্থের বেশির ভাগই লুট হয়। আমার বিশ্বাস, দেশে এখন এক পয়সা প্রকল্প সাহায্য না নিলেও কিছু যায় আসে না। পদ্মা সেতু এর বড় উদাহরণ।