প্রবৃদ্ধি হার নিয়ে সিপিডির পর্যবেক্ষণ ঠিক নয়: অর্থমন্ত্রী
মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পর্যবেক্ষণ ঠিক নয় বলে আবারও মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেন, ‘সরকার প্রবৃদ্ধি বাড়িয়ে দেখাতে পারে বলে সিপিডি প্রশ্ন তুলেছে। এ কারণে আমি তাদেরকে বাজে (রাবিশ) বলেছি। আমি এখনও আমার বক্তব্যে অটল আছি।’গতকাল শনিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে পরিসংখ্যান বিভাগের সাবেক সচিব ও বিবিএসের সাবেক মহাপরিচালক (ডিজি) এ কে এম গোলাম রাব্বানীর স্মরণসভায় অর্থমন্ত্রী এ কথা বলেন। বিবিএস, পরিসংখ্যান বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতি যৌথভাবে এ সভার আয়োজন করে। গত ৪ জুন ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন এ কে এম গোলাম রাব্বানী। অর্থমন্ত্রী বলেন, যদিও সিপিডির পূর্বাভাস ও পর্যবেক্ষণ ভাল। কিন্তু সরকার প্রবৃদ্ধির হার নির্ণয়ে বিবিএসকে প্রভাবিত করেছে-সিপিডির এমন পূর্বাভাসের সঙ্গে তিনি একমত নন। অনেক ক্ষেত্রে সিপিডির পূর্বাভাস ঠিক হয় না। স্মরণ সভায় এ কে এম গোলাম রাব্বানী সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘তাঁর হাত ধরেই বিবিএস যাত্রা শুরু করেছিল। সংস্থাটির স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তিনি এবং তাঁর শুন্যতা পূরণ হওয়ার নয়।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কাজী সালেহ আহমেদ, বিবিএসের ডিজি এম শাহজাহান আলী মোল্লা, এ কে এম গোলাম রাব্বানীর সহধর্মীনিসহ পরিবারের সদস্যরা। এতে সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহীম।