প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করা সম্ভব
রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি ও লুটপাট কমাতে পারলে ভবিষ্যতে প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করা যাবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের অর্থনীতি’ শীর্ষক সভায় লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট, চট্টগ্রাম এ সভার আয়োজন করে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ট্রাস্টের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান।
‘বাংলাদেশের রাষ্ট্রচরিত্র ও অনুন্নয়ন: মুক্তিযুদ্ধের চেতনার দৃষ্টিকোণ থেকে’ শীর্ষক লিখিত বক্তব্যে অধ্যাপক মইনুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির প্রশংসনীয় অগ্রগতি বাংলাদেশের আনাচে-কানাচে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিপ্লবের সুফল পৌঁছে দিচ্ছে। ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় ১৩ কোটি এখন মোবাইল টেলিফোনের আওতায় এসেছে, যার খরচ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সর্বনিম্ন।
অধ্যাপক মইনুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংক প্রবর্তিত ক্ষুদ্রঋণ পদ্ধতি প্রান্তিক অবস্থানের ভূমিহীন নারীদের কাছে ব্যাংকঋণ পৌঁছে দেওয়ার সুফল ও লাগসই ব্যবস্থা হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে নোবেল পুরস্কার পাওয়ার মাধ্যমে। কিছু নেতিবাচক বৈশিষ্ট্য সত্ত্বেও এ পদ্ধতিগত উদ্ভাবনকে আরও গ্রহণযোগ্য ও টেকসই করাটাই এখন জাতির চ্যালেঞ্জ।
অধ্যাপক মইনুল ইসলাম বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো উন্নয়ন—এসব মানব উন্নয়নকামী কার্যক্রমে বাংলাদেশ রাষ্ট্রকে সত্যিকার অর্থে ব্রতী করতে পারলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নের স্বর্ণ সম্ভাবনার দ্বার খুলবেই খুলবে।