প্রবেশ ঠেকাতে ভারপ্রাপ্ত উপাচার্যের গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের প্রবেশ ঠেকাতে তাঁর গাড়িতে হামলা করছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের প্রবেশ ঠেকাতে তাঁর গাড়িতে হামলা করছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ এ এম এম শামসুর রহমানের ওপর হামলা করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁর ব্যবহৃত বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর করা হয়। উপাচার্যের শরীরে ইটের আঘাত লেগেছে।

গতকাল সোমবার ভারপ্রাপ্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ে নিজের কার্যালয়ে যেতে চাইলে তাঁর প্রবেশ ঠেকাতে এ হামলা হয়। নিয়োগ-বাণিজ্যের অভিযোগ ওঠায় শামসুর রহমানের পদত্যাগের দাবিতে এক মাস ধরে শিক্ষকদের একটি অংশ আন্দোলন করছে। তাঁদের সঙ্গে শিক্ষার্থীদের একটা অংশও যোগ দেয়। আন্দোলনকারী ব্যক্তিরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ছাড়াও ভারপ্রাপ্ত উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এরপর থেকে ভারপ্রাপ্ত উপাচার্য ক্যাম্পাসে যাচ্ছিলেন না। ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে গতকাল জরুরি সভা থাকায় তিনি ক্যাম্পাসে আসেন। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে ভর্তি পরীক্ষাসংক্রান্ত সভাটি হয়নি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে যেতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে শিক্ষার্থীদের একটা অংশ তাঁর পথ রোধ করে। এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য গাড়িতে ছিলেন। ১৫ মিনিট শিক্ষার্থীরা তাঁর গাড়ির পথরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য নিজের কার্যালয়ে যেতে চাইলে কয়েকজন শিক্ষার্থী গাড়িতে লাঠিসোঁটা দিয়ে আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে পুলিশ তাঁকে নিরাপদে সরিয়ে নেয়।

ভারপ্রাপ্ত উপাচার্য শামসুর রহমান প্রথম আলোকে বলেন, প্রভোস্ট ও প্রশাসনিক পদ থেকে অব্যাহতি পাওয়া দুই শিক্ষকের অনুসারী কয়েকজন শিক্ষার্থী তাঁর ওপর হামলা করেন। তাঁর কাঁধে একাধিক ইট পড়ায় তিনি আঘাত পান। চোখে অস্ত্রোপচার হওয়ায় তিনি অনেক দিন বিশ্ববিদ্যালয়ে যাননি। তবে বাড়িতে বসে জরুরি কাজগুলো করেছেন।

তবে আন্দোলনকারী শিক্ষকদের একজন রেজুয়ান আহমেদ বলেন, ভারপ্রাপ্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আসতে চাইলে শিক্ষার্থীরা বাধা দেন। পরবর্তী সময় ভারপ্রাপ্ত উপাচার্যের পক্ষের কিছু লোক হামলা করে গাড়ি ভাঙচুর করে।

বিশ্ববিদ্যালয়টির বিদায়ী উপাচার্য মোহীত উল আলম মেয়াদ শেষে গত ১২ আগস্ট বিদায় নেওয়ার পর কোষাধ্যক্ষ শামসুর রহমান উপাচার্যের চলতি দায়িত্ব পালন করছেন। কিন্তু সদ্য সাবেক এবং বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে অস্থিরতা বিরাজ করছে এই বিশ্ববিদ্যালয়ে। বিদায়ী উপাচার্য অধ্যাপক মোহীতের বিরুদ্ধে ময়মনসিংহের একটি আদালতে দুর্নীতির অভিযোগে মামলাও হয়েছে। এখন উপাচার্যের চলতি দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ শামসুর রহমান নিয়োগে দুর্নীতি করছেন বলে শিক্ষক-কর্মকর্তারা অভিযোগ করেছেন।