প্রবেশন কর্মকর্তা নেই ৪২ জেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার অপরাধে জড়িয়ে পড়া মানুষকে সহায়তা দিতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় অন্তত একজন করে প্রবেশন কর্মকর্তা নিয়োগের বিধান থাকলেও তা মানা হচ্ছে না। সমাজসেবা অধিদপ্তরের অধীনে বর্তমানে মাত্র ২২ জেলায় একজন করে প্রবেশন কর্মকর্তা আছেন। এ ছাড়া তিনটি কিশোর-কিশোরী সংশোধনকেন্দ্রের দায়িত্বে আছেন আরও দুজন। প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা না থাকায় সেবাবঞ্চিত থেকে যাচ্ছেন প্রথমবার অপরাধে জড়িয়ে পড়া বহু মানুষ।প্রবেশন কর্মকর্তার কাজ হলো অভিযুক্ত ব্যক্তিদের শর্তসাপেক্ষে মুক্তি ও সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা। ১৯৬৪ সালের প্রবেশন অ্যাক্ট ও পুনর্বাসন কার্যাবলি মোতাবেক তাঁদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।সব জেলায় একজন করে কর্মকর্তা নেই কেন—জানতে চাইলে সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, দেশে আগে জেলার সংখ্যা ছিল ২২টি। কেবল সে জেলাগুলোতে একজন করে কর্মকর্তা আছেন। বাকি ৪২টি জেলা তো সেদিন হলো।সমাজসেবা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা আবদুল বারী বলেন, ‘অতি সম্প্রতি নতুন ৪২টি জেলার ২১টিতে প্রবেশন কর্মকর্তার পদ তৈরি করা হয়েছে, তবে নিয়োগ-প্রক্রিয়া এখনো শুরু হয়নি। কবে হবে সেটাও জানি না।’ তিনি জানান, সমাজসেবা কর্মকর্তারা উপজেলা পর্যায়ে কোনোমতে কাজ চালিয়ে নিচ্ছেন।সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এ পদটি নিয়ে সরকারের খামখেয়ালির কারণে পুরো প্রক্রিয়াই প্রায় অকার্যকর হয়ে আছে বলেও মন্তব্য করেন একাধিক কর্মকর্তা। তাঁরা বলছেন, আইনটি যুগোপযোগী করার পাশাপাশি সব স্তরে প্রবেশন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলে প্রথমবারের মতো অপরাধে জড়িয়ে পড়া মানুষ নিজেদের ভাগ্য বদলে ফেলতে পারবে।ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতের এডিসি রুহুল আমিন ও সহকারী পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, নিয়মমাফিক একজন প্রবেশন কর্মকর্তা আদালত প্রাঙ্গণে বসার কথা, যাতে আদালতে আসা অসহায় অভিযুক্ত ব্যক্তিদের আইনি পরামর্শসহ শর্তসাপেক্ষে মুক্তির ব্যবস্থা করা যায়। কিন্তু তাঁদের বেশির ভাগ সময় পাওয়া যায় না। তাঁরা সম্ভবত কারাগারের দিকেই বেশি সময় থাকেন। নিয়ম হলো, অপরাধে জড়িয়ে পড়া নারী ও শিশুদের পক্ষে একজন প্রবেশন কর্মকর্তা কিছু শর্তসহ আদালতের কাছে মুক্তির আবেদন জানাবেন। মুক্তির পর সমাজে তাদের পুনর্বাসন ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কাজটাও তাঁর। কিন্তু কাঠামোগত সুবিধা না পাওয়ায় একদিকে কারাগার, অন্যদিকে আদালত ও থানায় একজন কর্মকর্তার পক্ষে খোঁজ নেওয়া কঠিন হয়ে পড়ে।অধিদপ্তরের উপপরিচালক (চিকিত্সা ও প্রবেশন) ফেরদৌস আরা বেগম বলেন, ‘আমরা নিজ নিজ কাজের ক্ষেত্রে সচেতন হতে পারলে সমস্যাগুলো অনেকটাই সমাধান হতো। প্রবেশন কর্মকর্তা আছেন এবং তাঁর কাছে সহায়তা পাওয়া যাবে—এটাই এখন পর্যন্ত সাধারণ মানুষ জানে না। এ ব্যাপারে সচেতনতা বাড়াতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মশালা আয়োজন করা হয়ে থাকে। যদিও সেটা সফল হয়েছে বলে তাঁরা মনে করেন না। তিনি আরও বলেন, ষাটের দশকের আইন দিয়ে প্রবেশন কর্মকর্তারা কাজ করছেন। সেই বিবেচনায় এখনো দেশে জেলার সংখ্যা ২২টি। কিছু কিছু জায়গায় আইনটি পরিবর্তন জরুরি।নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, আইন যুগোপযোগী করতে এবং ৬৪ জেলায় অন্তত একজন করে প্রবেশন কর্মকর্তা নিয়োগ দিতে দেরি হওয়ার পেছনে সংশ্লিষ্ট অধিদপ্তরের গাফিলতি আছে। আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে জরুরি পদক্ষেপগুলো নিতেও মাসের পর মাস পেরিয়ে যায়। বেশির ভাগ এলাকায় প্রবেশন কর্মকর্তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন বলে তিনি অভিযোগ করেন। উল্লেখ্য, পুরোনো ২২টি জেলা ছাড়া অন্য অঞ্চলগুলোতে সমাজসেবা বা জেলা রেজিস্ট্রেশন কর্মকর্তারা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করেন।নতুন নীতিমালা আসছে: প্রবেশন কর্মকর্তাদের কাজের ধরন ও এলাকা নির্দিষ্ট করে তৈরি হচ্ছে নতুন নীতিমালা। খসড়ায় একে ‘প্রবেশন ও আফটার কেয়ার কার্যক্রম বাস্তবায়ন এবং পরিচালনা নীতিমালা’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিগগির এ নীতিমালা তৈরি করে বাস্তবায়ন নিশ্চিত করতে চায় সরকার। নতুন নীতিমালা অনুযায়ী বিশেষ মেধাসম্পন্ন ব্যক্তিরা প্রবেশন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাবেন।