প্রবেশপত্র আসেনি, পরীক্ষা দিতে পারেনি ৩৫ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবেশপত্র না পাওয়ায় ঝিনাইদহ কালীগঞ্জের মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে পারেনি। শিক্ষার্থীরা বলছে, পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীর সংখ্যা ৩৫ জন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ চারজনের কথা নিশ্চিত করেছে।
কলেজের দপ্তর থেকে জানা যায়, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ৬৯৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। প্রবেশপত্র পরীক্ষার পাঁচ দিন আগে দিয়ে দেওয়া হয়।
পরীক্ষা অংশ নিতে না পারা শিক্ষার্থী উপজেলার রঘুনাথপুর গ্রামের নাইম হোসেন জানায়, সে ছাড়াও আল-আমিন, অরুপ কুমার, সুব্রত দাস, বিপুল কুমার, শুভ্রদেব ভদ্র, তুলি খাতুন, টুটুল হোসেন, শাহনেওয়াজ, মেহেদী হাসানসহ ৩৫ জন শিক্ষার্থী রয়েছে। তারা সবাই মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের নিয়মিত শিক্ষার্থী। তারা যথাসময়ে ফরম পূরণ করেছেন। কিন্তু যশোর শিক্ষাবোর্ড থেকে তাদের প্রবেশপত্র আসেনি।
নাইম আরও জানায়, প্রবেশপত্র না পেয়ে তারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে অপেক্ষা করতে বলা হয়। এভাবে তাদের পরীক্ষা শুরুর দিন সকাল পর্যন্ত অপেক্ষা করানো হয়। এরপর জানিয়ে দেওয়া হয়, এ ব্যাপারে কিছুই করার নেই। কর্তৃপক্ষ তাদের পরের বছর পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছে। সে সময় ফরম পূরণের জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়া হবে না বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।
এমন অবস্থায় অনেক শিক্ষার্থী কান্নাকাটি করে বাড়ি ফিরে যায়।
সাতজন শিক্ষার্থী অভিযোগ করে, কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণেই তাদের এই সমস্যার সমাধান হয়নি। তাদের জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে গেল।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মজিদ বিশ্বাস বলেন, ‘৩৫ নয়, চারজন শিক্ষার্থী প্রবেশপত্র পায়নি। এইচএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়। যারা অকৃতকার্য হয়, তাদের ফরম পূরণ করানো হয়নি। কিন্তু কিছু ছাত্র কলেজে কোনো খোঁজ না নিয়েই ব্যাংকের মাধ্যমে ফরম পূরণের টাকা জমা দিয়েছিল।’
তবে কলেজ দপ্তরের একটি সূত্র জানায়, ফরম পূরণের সময় নানা ভুলত্রুটির কারণে এসব প্রবেশপত্র আসেনি। এ সমস্যার দ্রুত সমাধান সম্ভব ছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানোয়ার হোসেন মোল্লা জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।