প্রবেশপত্র ছাড়া পরীক্ষা
সুনামগঞ্জের ধরমপাশা ডিগ্রি কলেজের ১২ শিক্ষার্থী প্রবেশপত্র ছাড়াই গতকাল শনিবার প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন। ফরম পূরণের সময় তথ্য বিভ্রাটের কারণে প্রবেশপত্র না আসায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ অনুমতিতে তাঁরা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন।
ধরমপাশা ডিগ্রি কলেজ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ কলেজের ২৫৩ শিক্ষার্থী চলতি বছর ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গত মঙ্গলবার রাতে ই-মেইলে কলেজে পরীক্ষার্থীদের প্রবেশপত্র পাঠানো হয়। কিন্তু বুধবার সকালে প্রবেশপত্র বিতরণ করতে গিয়ে দেখা যায়, ১২ শিক্ষার্থীর প্রবেশপত্র নেই। কলেজের অধ্যক্ষ মো. আবদুল করিম বিষয়টি জানিয়ে দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ই-মেইলে একটি চিঠি পাঠিয়ে বিশেষ ব্যবস্থায় ওই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অনুমতি দেয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ধরমপাশা ডিগ্রি কলেজের ওই ১২ পরীক্ষার্থী ফরম পূরণ করলেও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ তথ্য সঠিকভাবে সংযুক্ত (ডেটা এন্ট্রি) না করায় তাঁদের জন্য প্রবেশপত্র ইস্যু করা যায়নি। কিন্তু কলেজ কর্তৃপক্ষের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বিশেষ বিবেচনায় ওই শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছেন।
জানতে চাইলে ধরমপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল করিম প্রথম আলোকে বলেন, কলেজের ফরম পূরণের দায়িত্বে থাকা কমিটির লোকজনের অসতর্কতার কারণে এমনটি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।