প্রবেশপত্র দেওয়ার সময় টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার সময় পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা বোর্ড থেকে এ খাতে ফি নেওয়ার কোনো নির্দেশনা না থাকলেও কলেজ কর্তৃপক্ষ এ টাকা নিচ্ছে। আগামী ১ এপ্রিল অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের কাজ ২৭ মার্চ শুরু হয়েছে। কলেজে এ সময় থেকেই প্রবেশপত্র গ্রহণ বাবদ প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী জানায়, কলেজ কর্তৃপক্ষ প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে প্রবেশপত্র ফি বাবদ ৫৩০ টাকা করে আদায় করছে। তবে কলেজ ছাত্রলীগ নেতাদের সুপারিশে কিছু কিছু ছাত্রের কাছ থেকে কম নেওয়া হচ্ছে। গতকাল বুধবার কলেজে গিয়ে দেখা যায়, টাকা আদায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে জটলা করে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করছে। নিরুপায় কিছু শিক্ষার্থী জানায়, পরিস্থিতি বুঝে কিছুদিন পরে প্রবেশপত্র নেবে। কেউ কেউ অভিযোগ করেছে, ফরম পূরণের সময়ও পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফি বাবদ অতিরিক্ত এক হাজার টাকা আদায় করা হয়েছে। কিন্তু কোচিং ক্লাস হয়েছে মাত্র দুটি।অধ্যক্ষ আবুল হোসেন জানান, এ বছর ৪১৮ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। প্রবেশপত্রের জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় প্রসঙ্গে তিনি বলেন, কলেজের উন্নয়ন বাবদ ৪০০, শিক্ষক ও কর্মচারী কল্যাণ তহবিলে ৩০ ও বিদায় সংবর্ধনা এবং মিলাদ মাহফিলের জন্য ১০০ টাকাসহ মোট ৫৩০ টাকা নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, এ টাকার পুরোটা কলেজ তহবিলে জমা হবে। টাকা নিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে রসিদ দেওয়া হচ্ছে। নোটিশ দেখিয়ে তিনি আরও জানান, এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আগেই শিক্ষার্থীদের জানানো হয়েছে। অধ্যক্ষের স্বাক্ষরসংবলিত একটি বিজ্ঞপ্তিতে দেখা যায়, প্রবেশপত্র ফি বাবদ ৪৩০, রেফার্ড ফি বাবদ ২৩০, বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিলের ফি বাবদ ১০০ টাকা নেওয়ার কথা বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি কলেজ পরিচালনা পর্ষদের সদস্য নই। এ ব্যাপারে আমি কিছুই জানি না। তবে কোনো কর্তৃপক্ষ প্রবেশপত্র ফি আদায় করলে তা সমর্থনযোগ্য নয়।’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত জানান, প্রবেশপত্র বাবদ কোনো ফি আদায়ের নির্দেশনা বোর্ড দেয়নি।’