প্রবেশপত্র না পাওয়ায় নগরের দুটি মাদ্রাসার ১৭ জন শিক্ষার্থী গতকাল রোববার শুরু হওয়া এইচএসসির সমমান আলিম পরীক্ষায় অংশ নিতে পারেনি। শিক্ষার্থীদের অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির কারণে তারা প্রবেশপত্র পায়নি। আর মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, দ্বৈত ভর্তি থাকা এসব শিক্ষার্থীর প্রবেশপত্র দেয়নি মাদ্রাসা বোর্ড। তবে শিক্ষার্থীরা দ্বৈত ভর্তি থাকা ও ট্রান্সক্রিপ্ট জমা না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।গতকাল রোববার দুপুরে সরেজমিন নগরের আতুরার ডিপো হাজীপাড়ার আশেকান আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় গিয়ে দেখা যায়, পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। শিক্ষার্থী মো. আবু ফয়সাল ও মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেছে, ‘গতকাল (গত শনিবার) পর্যন্ত মাদ্রাসায় এসেও প্রবেশপত্র পাইনি। প্রবেশপত্রের পরিবর্তে একটি চিরকুটে নিবন্ধন ও রোল নম্বর লিখে দেওয়া হয়। সেটা নিয়েই আজ (গতকাল রোববার) পরীক্ষা দিতে আসি। এক ঘণ্টা পরীক্ষা দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট এলে মাদ্রাসার শিক্ষকেরা মোট ১৭ জনকে পরীক্ষার কক্ষ থেকে বের করে দেন।’ পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের অভিযোগ, আশেকান আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও চান্দগাঁ এলাকার নজিরিয়া নঈমিয়া মাদ্রাসার মোট ৮৬ জন শিক্ষার্থী প্রবেশপত্র পায়নি। এদের মধ্যে আশেকান আউলিয়া ফাজিল মাদ্রাসার ১২ জনকে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড’ লেখা একটি ছাপানো কাগজে রেজিস্ট্রেশন ও রোল নম্বর লিখে প্রবেশপত্র হিসেবে ব্যবহারের জন্য দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ছাড়া প্রবেশপত্র না থাকায় চান্দগাঁ এলাকার নজিরিয়া নঈমিয়া মাদ্রাসার পাঁচ শিক্ষার্থীকেও কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এই দুটি মাদ্রাসারই পরীক্ষাকেন্দ্র আশেকান আউলিয়া ফাজিল মাদ্রাসা। আরেক শিক্ষার্থী মাহবুবুর রহমান হাসান বলেছে, ‘আমি নিবন্ধন কার্ড পেয়েছি কিন্তু প্রবেশপত্র পাইনি। অথচ একই সঙ্গে ফরম পূরণ করা আমার যমজ ভাই প্রবেশপত্র পেয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া একটি নম্বর আমি রোল নম্বর হিসেবে খাতায় লিখেছি।’শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খালেদ মামুন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের বলেছি জেলা প্রশাসকের কাছে আবেদন করতে। এরপর বিষয়টি তদন্ত করা হবে। এ বিষয়ে আমি মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলব।’ আশেকান আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ খায়রুল বাশার হাক্কানী প্রথম আলোকে বলেন, ওই সব শিক্ষার্থীর দ্বৈত ভর্তি থাকায় এবং সময়মতো দাখিলের ট্রান্সক্রিপ্ট জমা না দেওয়ায় মাদ্রাসা বোর্ড তাদের প্রবেশপত্র দেয়নি। নজিরিয়া নঈমিয়া মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের জন্য ফোন করা হলেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।