প্রবেশপত্র না পাওয়ায় ৩০০ জনের অংশগ্রহণ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তিন শতাধিক আবেদনকারীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (শিশু শ্রেণী) শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ চট্টগ্রাম নগরের বাইরের ১৪ উপজেলার এসব পরীক্ষার্থীর হাতে এখনো প্রবেশপত্র পৌঁছেনি। টানা হরতালের কারণে তাঁদের পক্ষে নগরের জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে এসে নতুন করে প্রবেশপত্র সংগ্রহ করাও সম্ভব হচ্ছে না। কাল শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরের ৩৪টি পরীক্ষাকেন্দ্রে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী মনিটরিং কর্মকর্তা নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমরা যথেষ্ট সময় হাতে রেখে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের মাধ্যমে আবেদনকারীদের কাছে প্রবেশপত্র পাঠিয়েছি। তাঁরা সেখান থেকে পাঠানোর বিষয়টিও নিশ্চিত করেছেন। কোনো কারণে প্রবেশপত্রগুলো স্থানীয় ডাকঘর থেকে বিলিতে সমস্যা হয়ে থাকতে পারে। তাই আমরা নিয়োগ পরীক্ষার আগের দিন পর্যন্ত নতুন করে প্রবেশপত্র সরবরাহের ব্যবস্থা রেখেছি।’ ১৪ উপজেলার প্রতিটি থেকে অন্তত ২০-২৫ জন করে আবেদনকারী প্রবেশপত্র পাননি বলে অভিযোগ করেছেন। তাঁরা অপেক্ষায় থেকেছেন প্রবেশপত্র তাঁদের হাতে এসে পৌঁছাবে। কিন্তু তা না পাওয়ায় উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করেন। সেখান থেকে তাঁদের নগরের নন্দনকানন জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গিয়ে নতুন প্রবেশপত্র সংগ্রহের পরামর্শ দেওয়া হয়। কিন্তু ৯ এপ্রিল থেকে হরতাল শুরু হওয়ায় তাঁদের পক্ষে শহরে আসা সম্ভব হচ্ছে না। পটিয়ার একজন নারী আবেদনকারী বলেন, ‘আমরা দুই বোন প্রাক-প্রাথমিক শিক্ষক পদে আবেদন করেছি। কিন্তু কেউ-ই প্রবেশপত্র পাইনি। হরতালের মধ্যে শহরে এসে প্রবেশপত্র সংগ্রহ করাও সম্ভব হচ্ছে না।’ গতকাল বুধবার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে অনেক নারী-পুরুষের জটলা। তাঁরা নগরের বিভিন্ন এলাকা থেকে এসেছেন প্রবেশপত্র সংগ্রহের জন্য। কার্যালয় সূত্র জানায়, প্রত্যেক আবেদনকারীর নিজ হাতে পূরণ করা প্রবেশপত্রের দুটি অংশের মধ্যে একটি জেলা কার্যালয়ে এবং অপরটি প্রার্থীর স্থায়ী ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যাঁরা প্রবেশপত্র পাননি, তাঁদের দুটি ছবিসহ জেলা কার্যালয়ে আসার পরে নতুন প্রবেশপত্র দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে প্রাক-প্রাথমিক শিক্ষক পদে মোট ৩৪ হাজার ৯৩৯ জন আবেদনকারীর নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। এ পদে আবেদন জমা পড়েছিল ৩৯ হাজার ১১৬টি। বাকিগুলো যাচাই-বাছাইয়ের পর বাতিল করা হয়। নির্বাচিত পরীক্ষার্থীদের চট্টগ্রামের ২০ থানা-উপজেলার এক হাজার ৬৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে।