প্রবেশপত্র না পেয়ে জ্ঞান হারাল ছাত্রী
দরিদ্র ঘরের মেয়ে আকলিমা আক্তার। দশম শ্রেণীতে পড়ার সময় বাবা মারা যান। এরপর বহু কষ্টে মেয়ের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন মা রহিমা বেগম। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) অংশ নেওয়ার কথা ছিল আকলিমার। বিভিন্ন জনের কাছ থেকে মেয়ের ফরম পূরণের টাকাও জোগাড় করেছিলেন রহিমা। সেই টাকা দিয়েছিলেন মোজাম্মেল নামের এক আত্মীয়কে। কিন্তু মোজাম্মেল ফরম পূরণ না করায় পরীক্ষা দেওয়া হচ্ছে না আকলিমার। প্রবেশপত্র না পেয়ে আজ শনিবার কলেজমাঠেই জ্ঞান হারিয়ে ফেলে মেয়েটি। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজে।
রহিমা বেগম ও কলেজ সূত্র জানায়, মানবিক শাখার শিক্ষার্থী হিসেবে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল আকলিমার। মেয়ের পরীক্ষার ফরম পূরণের জন্য অনেক কষ্টে আড়াই হাজার টাকা জোগাড় করেছিলেন তিনি। রহিমার মামাতো ভাই মোজাম্মেল হক ফরম পূরণের কথা বলে ওই টাকা নিয়ে যায়। পরে ফরম পূরণ করা হয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। আজ কলেজে পরীক্ষার প্রবেশপত্র নিতে গিয়ে আকলিমা জানতে পারে, তার ফরম পূরণ না হওয়ায় প্রবেশপত্র আসেনি। প্রবেশপত্র না পেয়ে কলেজের মাঠেই কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলে সে। এ অবস্থায় কলেজ পরিচালনা পর্ষদের সদস্যসহ এলাকার লোকজন মাঠে গিয়ে ভিড় করেন। পরে প্রাথমিকসেবা দিয়ে আকলিমাকে রিকশায় করে বাড়িতে পাঠানো হয়।
রহিমা বেগম আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা পরীক্ষা কইরা আকলিমা একটু পর পর অজ্ঞান হইয়া পড়ছে। তাকে কোনোভাবেই বোঝাইতে পারছি না।’ তিনি বলেন, ‘মেয়ের ফরম ফিলাপের লাইগ্যা ধার দেনা কইরা অনেক কষ্টে আড়াই হাজার টাকা জোগাড় করছি। যে আমার মেয়ের এত বড় সর্বনাশ করল তার বিচার চাই।’ কাঁদতে কাঁদতে আকলিমা বলে, ‘এইবার পরীক্ষা দিতে না পারলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি পরীক্ষা দিবার চাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ‘শুনেছি মোজাম্মেল নামের এক ব্যক্তি আকলিমার ফরম পূরণের কথা বলে আড়াই হাজার টাকা নিয়েছিল। কিন্তু তিনি ফরম পূরণের জন্য আসেননি। এ অবস্থায় আকলিমার পরীক্ষায় অংশ নেওয়ার আর কোনো সুযোগ নেই।’ কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত মোজাম্মেল হকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।