ময়মনসিংহে প্রাইম সেন্ট্রাল কলেজ নামের একটি কলেজের ২০ জন পরীক্ষার্থী তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র পায়নি। এতে গতকাল রোববার থেকে শুরু হওয়া পরীক্ষায় তারা অংশ নিতে পারেনি। প্রাইম সেন্ট্রাল কলেজটি ময়মনসিংহ শহরের সানকিপাড়ায় অবস্থিত।
প্রবেশপত্র না পাওয়া পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি ও বিভিন্ন সময়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তুলেছেন। ঘটনার প্রতিবাদে পরীক্ষার্থীরা গত শনিবার রাতে কলেজের ফটকের সামনে বিক্ষোভ করে। কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্র না পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ২০ জন বললেও পরীক্ষার্থীদের অভিযোগ, ২৯ জন তাদের প্রবেশপত্র পায়নি।
পরীক্ষার্থীদের অভিযোগ এবং কলেজ সূত্রে জানা যায়, প্রাইম সেন্ট্রাল কলেজটি ব্যক্তিমালিকানাধীন। নিয়মিত শিক্ষার্থী হিসেবে ৩৫ জন এবং বিভিন্ন কলেজ থেকে ছাড়পত্র নিয়ে দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া ২০ জন শিক্ষার্থীর গতকাল থেকে শুরু হওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। গত মঙ্গলবার থেকে নিয়মিত শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া শুরু হয়। ওই দিন থেকে ছাড়পত্র নিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র চাইলে কর্তৃপক্ষ পরীক্ষার আগে প্রবেশপত্র দেওয়ার নিশ্চয়তা দেয়। গত বৃহস্পতিবার তারা আবারও প্রবেশপত্র চাইলে পরীক্ষার আগের দিন শনিবার সন্ধ্যার মধ্যে প্রবেশপত্র দেওয়া হবে বলে জানায়। শনিবার বিকেল থেকে পরীক্ষার্থী ও অভিভাবকেরা কলেজে এসে কলেজ বন্ধ পান। রাত ১০টার দিকে মুঠোফোনে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে অধ্যক্ষ বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভুলের কারণে পরীক্ষার্থীরা প্রবেশপত্র পাবে না। পরে পরীক্ষার্থীরা রাতে কলেজের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজের ফটকে তালা দেয়।
গতকাল সকালে কলেজের সামনে গিয়ে দেখা যায়, মূল ফটকে তালা ঝুলছে। ভেতরে কেউ নেই। এ সময় তিন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা প্রবেশপত্র নিতে কলেজে আসেন। তালা ঝুলতে দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রী বলে, পরীক্ষা না দিতে পারার খবরটি সে পরিবারকে জানাবে না। পরীক্ষা চলাকালে তিন ঘণ্টা রাস্তায় ঘুরে বাসায় গিয়ে পরীক্ষা দেওয়ার কথা বলবে।
পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা দিতে পারার নিশ্চয়তা দিয়ে কলেজ কর্তৃপক্ষ তাদের ভর্তি করে। এ জন্য কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে। জান্নাতুল ফেরদৌস নামের এক পরীক্ষার্থী বলে, ভর্তি বাবদ তাদের কাছ থেকে ৩০ থেকে ৩৫ হাজার করে টাকা নেয়। এইচএসসি ফরম পূরণের সময় নেওয়া হয় ১২ হাজার টাকা করে।
অধ্যক্ষ নুরুল বাকি খান মুঠোফোনে বলেন, শিক্ষা বোর্ডের ভুলের কারণে ২০ পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি। তবে তিনি শিক্ষা বোর্ডের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ করতে পারেননি। অতিরিক্ত টাকা আদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘নিয়ম মেনেই আমরা টাকা নিই।’
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক তপন কুমার সরকার বলেন, সাধারণত নিবন্ধন-সংক্রান্ত জটিলতার কারণে এমন হয়। এ ধরনের ভুল কলেজ কর্তৃপক্ষ করে থাকে। এখানে বোর্ডের কোনো ভুল নেই।