এক বন্ধু পরপারে, অন্য দুজন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ বুধবার পরীক্ষার প্রবেশপত্র নিতে বিদ্যালয়ে যায় তিন বন্ধু। প্রবেশপত্র নিয়ে তিনজন একসঙ্গেই বাড়ি ফিরছিল মোটরসাইকেলে করে। পথে ট্রাককে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিন বন্ধুর একজন। ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলায়।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে ফাটকেরডাঙ্গা স্থানে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত এসএসসি পরীক্ষার্থী হলো সেরাজুল ইসলাম। সে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, নিহত সেরাজুল ইসলাম এবং মিলন ও রোকন তিন বন্ধু। তারা তিনজনই বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ বেলা সাড়ে ১০টার দিকে পরীক্ষার প্রবেশপত্র নেওয়ার জন্য একটি মোটরসাইকেলে করে তারা ওই বিদ্যালয়ে যায়। মোটরসাইকেলটি চালাচ্ছিল সেরাজুল। দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মারা যায় সেরাজুল ইসলাম।
গুরুতর আহত মিলন ও রোকনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিব-উদ-দৌল্লা জানান, সেরাজুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনায় আহত রোকন ও মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী সেরাজুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’