প্রবেশপত্র পেয়ে পরীক্ষার্থীরা জানল 'আইসিটি' আবশ্যিক
এবারের জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়টি আব্যশিক করা হয়েছে। কিন্তু ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর মোলানী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে কোনো পাঠদান করা হয়নি। শিক্ষার্থীরা প্রবেশপত্র পেয়ে জানতে পারে বিষয়টি আবশ্যিক।
তবে শিক্ষার্থীরা প্রবেশপত্র পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ আইসিটি বিষয়ে কয়েক দিনের বিশেষ পাঠের ব্যবস্থা করে। এর পরও আজ মঙ্গলবারের আইসিটি পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নিয়ে শিক্ষার্থীদের মনে সংশয় দেখা দিয়েছে।
কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী জানিয়েছে, আইসিটি বিষয়ে এবার ৫০ নম্বরের পরীক্ষা হবে। বহুনির্বাচনী অংশে ২৫ ও সংক্ষিপ্ত প্রশ্নে ২৫ নম্বর। ২৫টি বহুনির্বাচনী প্রশ্নের সব কটির উত্তর দিতে হবে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, এ বছর জেএসসি পরীক্ষায় আইসিটি বিষয়টি আব্যশিক করা হলেও শিক্ষকেরা তা জানতেন না। ফলে তাঁরা শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে কোনো পাঠদান করেননি। বোর্ড থেকে পরীক্ষার প্রবেশপত্র পেয়ে গত ২৯ অক্টোবর তা পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। এ পর্যায়ে পরীক্ষার্থীরা জানতে পারে আইসিটি বিষয়টি আব্যশিক। এতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বিষয়টি সম্পর্কে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের জানান। এ অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ অন্য বিদ্যালয় থেকে পাঠ্যপুস্তক সংগ্রহ করে চলতি মাসের শুরুতে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে কয়েক দিন বিশেষ ব্যবস্থায় পাঠদান করেন। এই বিদ্যালয় থেকে এবার ১৮ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দিচ্ছে।
গোলাম মোস্তফা নামের এক জেএসসি পরীক্ষার্থী বলে, ‘২৯ অক্টোবর পরীক্ষার প্রবেশপত্র হাতে পেয়ে জানতে পারি, আইসিটি বিষয়টি আবশ্যিক। স্কুলে না পড়ানো হলেও ওই বিষয়টির পরীক্ষা দিতে হবে।’ মুন্না ইসলাম নামের আরেক পরীক্ষার্থী বলে, ‘ভালো নম্বর পেতে হলে নৈর্ব্যত্তিক প্রশ্নের জন্য পুরো বই ভালো করে পড়তে হয়। কিন্তু পুরো বই এখন পড়ার সময় কই? আমি পড়ার ফাঁকে ফাঁকে কম্পিউটার চালাতে শিখেছিলাম বলে কিছুটা রক্ষা। কিন্তু যাদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান নেই, তারা পরীক্ষায় কী করবে বুঝতে পারছি না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ রায় জানান, গত বছর আইসিটি বিষয়ে পরীক্ষা হয়নি। এ বছরও পরীক্ষা হবে না—এমন ধারণা করে শিক্ষার্থীদের এ বিষয়ে পড়ানো হয়নি।
এ বিষয়ে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ওই বিদ্যালয়ের পরীক্ষার্থী ও অভিভাবকেরা বিষয়টি সম্পর্কে লিখিত অভিযোগ করেছেন। শুনেছি, বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থীদের কয়েক দিনের বিশেষ পাঠের ব্যবস্থা করেছে।’