প্রবেশপত্রে বিষয় কোড ভুল, পরীক্ষা দিতে পারেনি ১১ ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় প্রবেশপত্রে বিষয় কোড ভুল লেখা হওয়ায় গতকাল রোববার এসএসসি পরীক্ষা দিতে পারেনি ১১ শিক্ষার্থী। উপজেলার পাইলট মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে পৌরনীতি বিষয়ের পরীক্ষা দিতে গিয়ে এ ভুল ধরা পড়ে। এরপর তাদের আর ওই পরীক্ষা দিতে দেওয়া হয়নি। গফুরাবাদ আদর্শ উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী তারা।

পরীক্ষার্থী আবদুল রহমান জানায়, গতকাল সকাল সাড়ে নয়টায় পৌরনীতি বিষয়ের পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশ করে তারা ১১ শিক্ষার্থী। কিন্তু তাদের বসার জন্য নির্দিষ্ট ৬ নম্বর কক্ষ খুলে দিতে দেরি হওয়ায় বিষয়টি কেন্দ্রসচিবকে জানানো হয়। তখন প্রবেশপত্র যাচাইয়ের সময় ভুলের বিষয়টি সবার নজরে আসে। সেখানে পৌরনীতি বিষয়ের কোড ১৪০–এর পরিবর্তে অর্থনীতির কোড ১৪১ লেখা ছিল। এ অবস্থায় ওই শিক্ষার্থীদের পৌরনীতি পরীক্ষা না দিয়ে কয়েক দিন পর অর্থনীতি বিষয়ের পরীক্ষা দিতে পরামর্শ দেওয়া হয়।

আবদুল রহমান আরও জানায়, দুই বছর ধরে তারা পৌরনীতি বিষয়ে পড়ালেখা করছে। এদিকে ২৮ ফেব্রুয়ারি অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাত্র এ কদিনে অর্থনীতি বিষয়ের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়াটা অসম্ভব। এ অবস্থায় পরীক্ষা না দিলেও তাদের অকৃতকার্য হতে হবে। আর পরীক্ষা দিলেও কৃতকার্য হবে কি না, তা নিয়েও সংশয় আছে।

ভোগান্তির শিকার হওয়া শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম সরকার বলেন, নিবন্ধনের সময় কোনোভাবে ভুল হয়ে যাওয়ায় বিষয় কোড পরিবর্তন হয়ে থাকতে পারে। তবে পরীক্ষার আগে বিষয়টি নজরে এলে সংশোধনের উদ্যোগ নেওয়া যেত। তবে ভুক্তভোগী পরীক্ষার্থীরা অর্থনীতি বিষয়ের পরীক্ষা দিতে পারবে। এটা ওই শিক্ষার্থীদের জন্য আসলেই কষ্টকর হবে বলে জানান তিনি।

কেন্দ্রসচিব খালিদ হোসেন বলেন, প্রবেশপত্রে পৌরনীতির বিষয় কোড উল্লেখ না থাকায় শিক্ষার্থীদের পৌরনীতি বিষয়ের পরীক্ষা দিতে দেওয়া হয়নি।