প্রবেশপত্রের জন্য অর্থ আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় দুটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র ফি বাবদ অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ও ধরমপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষের নির্দেশে এ টাকা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
ওই দুটি কলেজ সূত্রে জানা গেছে, কাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ২৯৬ জন ও ধরমপাশা ডিগ্রি কলেজ থেকে ৩২৬ জন পরীক্ষায় অংশ নেবে। গত শনিবার থেকে এ দুটি কলেজে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ শুরু হয়। প্রবেশপত্র নেওয়ার সময় প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে কেন্দ্র খরচ বাবদ অফিস সহকারীরা ২০০ থেকে ৩০০ টাকা আদায় করছেন।
দুটি কলেজের অন্তত ৫০ জন পরীক্ষার্থীর অভিযোগ, টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে সবাইকে এ টাকা দিয়ে প্রবেশপত্র নিতে হচ্ছে।
এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম চৌধুরীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে অফিস সহকারী আকমল হোসেন চৌধুরী বলেন, কলেজের অধ্যক্ষ স্যারের নির্দেশেই প্রবেশপত্র বাবদ ওই টাকা নেওয়া হচ্ছে।
ধরমপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুল করিম দাবি করেন, ফরম পূরণের সময় অনেকেই নির্ধারিত ফির চেয়ে কম টাকা দিয়ে ফরম পূরণ করে থাকে। তাই পরীক্ষার সময় কেন্দ্র ফি বাবদ কোনো অর্থ বরাদ্দ না থাকায় ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। তবে আর্থিক অসচ্ছলতার কারণে কেউ টাকা দিতে না পারলে কোনো রকম চাপাচাপি করা হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।’
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রথম আলোকে জানান, প্রবেশপত্র বিতরণের সময় অর্থ আদায়ের কোনো নিয়ম নেই। তাঁরা কীভাবে এই টাকা আদায় করছেন তা না জেনে কিছু বলা সম্ভব নয়।