প্রবেশপত্রের জন্য টাকা আদায়
কুমিল্লা সরকারি মহিলা কলেজ ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্রের জন্য কর্তৃপক্ষ অবৈধভাবে টাকা আদায় করছে। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা আদায় করা হচ্ছে। উভয় কলেজই টাকা আদায়ের কথা স্বীকার করেছে।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার একটি এবং নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলায় দুটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্রের জন্য ৫০০-১০০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা সরকারি মহিলা কলেজের পাঁচজন পরীক্ষার্থী জানান, প্রবেশপত্র নেওয়ার সময় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অনুকূল চন্দ্র দাস ও অফিস সহকারী মো. নাছির উদ্দিন, মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ইংরেজি বিভাগের অতিথি শিক্ষক মো. আক্তার হোসেন ও কলেজের এমএলএসএস ভুলু মিয়া, ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের কাছ থেকে অফিস সহকারী রুবি আক্তার ওই অর্থ আদায় করছেন। এ বিষয়ে অধ্যক্ষ এ এস এম আবদুল ওহাব বলেন, ‘প্রবেশপত্র নেওয়ার সময় শিক্ষার্থীরা ২০০ টাকা করে দিচ্ছে। এটা শামিয়ানা কেনার জন্য। এ ক্ষেত্রে কোনো রসিদ দিচ্ছি না।’
ধরমপাশা (সুনামগঞ্জ): ধরমপাশার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর কলেজ থেকে মানবিক বিভাগের ৩২৪ জন, বিজ্ঞান বিভাগের ছয়জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ২৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করেন, গত সোমবার থেকে কলেজের দুজন অফিস সহকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ শুরু করেছেন। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে তাঁরা প্রবেশপত্রের জন্য ২০০ টাকা করে আদায় করছেন। কলেজের অফিস সহকারী আকমল হোসেন চৌধুরী ও কামরুল ইসলাম বলেন, কলেজের অধ্যক্ষের নির্দেশেই প্রবেশপত্র বিতরণের সময় পরীক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে আদায় করা হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে এ বিষয়ে উপাধ্যক্ষ বিকাশ রঞ্জন তালুকদার দাবি করেন, ফরম পূরণের সময় অনেক শিক্ষার্থীই কলেজের সব পাওনা পরিশোধ করে না। তাই কলেজ পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী টাকা আদায় করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগরের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম মহাবিদ্যালয় কলেজ ও শিক্ষার্থী সূত্র জানায়, আজ ৩ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় কলেজ থেকে ১ হাজার ২৩৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। এদের মধ্যে সাধারণ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা) শাখায় ৯৭১ জন ও কারিগরি (বিএমএ) শাখায় ৩৬৮ জন। সাধারণ শাখা থেকে মানবিক বিভাগের ৩৪৪ জন, বিজ্ঞান বিভাগের ২৯৯ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৩২৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত ২৪ মার্চ থেকে কলেজে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ শুরু হয়। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে বকেয়া কেন্দ্র ফির কথা বলে ৫০০ টাকা করে আদায় করেছে। কোনো কোনো শিক্ষার্থীর কাছ থেকে ৬০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। প্রবেশপত্র দেওয়ার সময় বকেয়া পাওনা ও কেন্দ্র ফির কথা বলে এ টাকা আদায় করেছে। গতকাল শনিবার বিকেল পর্যন্ত ৫০ জন পরীক্ষার্থী টাকা দিয়ে প্রবেশপত্র নিয়েছে।কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান বলেন, ফরম পূরণের সময় কলেজের সব পরীক্ষার্থীর কাছ থেকে কেন্দ্র ফি ৩৫০ ও বিভিন্ন জরিমানা মিলিয়ে মোট ৫০০ টাকা করে আদায় করার কথা। কিন্তু ওই সময় আদায় করা যায়নি। তাই এখন ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘প্রবেশপত্র বাবদ অর্থ আদায় করা সম্পূর্ণ বেআইনি। আমি এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।’
নেত্রকোনা: খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী কলেজ ও কৃষ্ণপুর হাজি আলী আকবর ডিগ্রি পাবলিক কলেজ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় ওই দুটি কলেজ থেকে ২৫৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে খালিয়াজুরী কলেজের নিয়মিত ও অনিয়মিত মিলে ৭০ জন শিক্ষার্থী রয়েছে। ওই শিক্ষার্থীরা পাঁচ দিন ধরে তাদের নিজ নিজ কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করেছে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, খালিয়াজুরী কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণে বকেয়া, কেন্দ্র ফি, প্রশ্নপত্র আনার কথা বলে ৮০০ টাকা এবং কৃষ্ণপুর হাজি আলী আকবর ডিগ্রি পাবলিক কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকে এক হাজার টাকা করে ফি আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ মণিভূষণ সরকার বলেন, প্রবেশপত্র বাবদ কোনো টাকা আদায় করা হয়নি। কৃষ্ণপুর হাজি আলী আকবর ডিগ্রি পাবলিক কলেজের অধ্যক্ষ বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রশ্নপত্র সংগ্রহ, পরিবহন খরচ, উত্তরপত্র পাঠানো এবং কেন্দ্র পরিচালনার খরচ বাবদ এসব টাকা নেওয়া হচ্ছে।