কক্সবাজারের টেকনাফ ডিগ্রি কলেজে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্রের জন্য ৫০০ থেকে এক হাজার টাকা করে ফি আদায় করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, এই ফি দিতে অস্বীকৃতি জানানোয় ৫৮ জনকে প্রবেশপত্র দেওয়া হয়নি। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ জানানো হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে টেকনাফ ডিগ্রি কলেজের ৯৯ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা। তাদের মধ্যে নিয়মিত ৭৭ জন ও অনিয়মিত ২২ জন।একাধিক পরীক্ষার্থী গতকাল সোমবার প্রথম আলোর কাছে অভিযোগ করে, কলেজ কর্তৃপক্ষ নিয়মিত প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে এক হাজার টাকা এবং অনিয়মিত বা অকৃতকার্য শিক্ষার্থীর কাছ থেকে ৫০০ টাকা করে ফি আদায় করছে। কলেজের উপাধ্যক্ষ শেখ জয়নাল আবেদীন জানান, পরীক্ষা কেন্দ্রের যাবতীয় খরচ জোগান দিতে শিক্ষার্থীদের কাছ থেকে এ টাকা আদায় করা হচ্ছে। ইউএনও আ ন ম নাজিম উদ্দিন জানান, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে তিনি এ ধরনের অভিযোগ পেয়েছেন।