প্রবেশপত্রের নামে টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ফির নামে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ৪০০ টাকা করে আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষার্থীরা জানায়, এবারের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় উপজেলার শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, বাগধা হাইস্কুল অ্যান্ড কলেজ, ছয়গ্রাম হাইস্কুল অ্যান্ড কলেজ, মোহনকাঠি হাইস্কুল অ্যান্ড কলেজ ও বাহাদুরপুর নিশিকান্ত গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজ বোর্ডের নির্ধারিত ফি ছাড়াও নানা অজুহাতে অতিরিক্ত ফি আদায় করে। তারা কলেজ কর্তৃপক্ষের চাহিদামতো অতিরিক্ত টাকা দিয়ে ফরম পূরণ করে। এর পরও কলেজগুলো নতুন করে প্রবেশপত্রের নামে তাদের (পরীক্ষার্থী) কাছ থেকে বিনা রসিদে ৪০০ টাকা করে আদায় করেছে।পরীক্ষার্থীরা আরও জানায়, এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলতি বছর ৯৩১ জন ও ভোকেশনাল শাখায় ৩৮৮ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ফলে এসব পরীক্ষার্থীর কাছ থেকে প্রবেশপত্র ফির নামে কলেজগুলো অবৈধভাবে মোট পাঁচ লাখ ২৭ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে।শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হেমায়েত উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কোনো টাকা আদায় করিনি। অন্যরা কী করেছে, তা আমার জানা নেই।’ ছয়গ্রাম হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন ও বাহাদুরপুর নিশিকান্ত গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল কান্তি গাইনও অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, কিছু টাকা আদায় করা হয়েছে। তবে তা প্রবেশপত্রের নামে নয়, কেন্দ্র খরচ ও কলেজ পাওনা বাবদ নেওয়া হয়েছে।বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মো. আলমগীর হোসেন বলেন, প্রবেশপত্র ফি আগেও কখনো ছিল না, বর্তমানেও নেই। কিন্তু কলেজগুলোর প্রবেশপত্র ফি আদায় সামাল দেওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, এই ফি বন্ধ করতে ভবিষ্যতে পরীক্ষার্থীদের হাতে সরাসরি কিংবা অনলাইনে প্রবেশপত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।