প্রবেশপথ ও জরুরি বিভাগের বারান্দায় পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঢোকার মুখে এভাবে বৃষ্টির পানি জমে যায়। বৃহস্পতিবার দুপরের দৃশ্য এটি l প্রথম আলো
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঢোকার মুখে এভাবে বৃষ্টির পানি জমে যায়। বৃহস্পতিবার দুপরের দৃশ্য এটি l প্রথম আলো

রাজশাহী নগরে এবার তেমন জলাবদ্ধতা না থাকলেও এক পসলা বৃষ্টি হলেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)
হাসপাতালের প্রবেশপথে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মুমূর্ষু রোগীদের নিয়ে এই ময়লা পানির ভেতর দিয়ে মানুষকে হাসপাতালে
যেতে হচ্ছে। আবার বৃষ্টির সময় হাসপাতালের জরুরি বিভাগের বারান্দার ছাদ থেকেও অঝোর ধারায় পানি ঝরছে। পানি
ধরার জন্য সেখানে ময়লা ড্রাম পেতে রাখা হয়েছে।
গত কয়েক দিন থেকেই লক্ষ করা যাচ্ছে, রামেক হাসপাতালে গাড়ি ঢোকার পথে এক পসলা বৃষ্টি হলেই বেশ জলাবদ্ধতার
সৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টি হলে সারা দিনে আর সে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। পাশাপাশি দুটি গাড়ি পার হতে
গেলে ময়লা পানি ছিটে গিয়ে পড়ছে আরেক গাড়ির যাত্রীর গায়ে। বিশেষ করে মোটরসাইকেল ঢোকার সময় এ ঘটনা বেশি
ঘটছে। বৃষ্টির পরে ভ্যানযোগে যেসব রোগীকে হাসপাতালে নেওয়া হচ্ছে, তাদের গায়েও ময়লা পানি ছিটে পড়ছে।
হাসপাতালের পরিচালকের কার্যালয়ে যাওয়ার পথে যে গোল চত্বর রয়েছে, তার পাশেও জমে রয়েছে পানি।
নগরের লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন বলেন, গত বুধবার সকালে তিনি হাসপাতালে গিয়েছিলেন।
মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে আরেকটি মোটরসাইকেল এসে ময়লা পানি ছিটিয়ে দিয়ে গেল। তিনি বলেন,
প্রতিদিন দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের হাজার হাজার মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। গুরুত্বপূর্ণ এই
হাসপাতালের প্রবেশপথের এই জলাবদ্ধতা নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই—এটা ভাবা যায় না।
গত বৃহস্পতিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে দেখা যায়, বারান্দায় অনেকটা পানি জমে আছে। বৃষ্টি
অনেক আগেই থেমেই গেছে। তার পরও ওপরের ছাদ থেকে অনবরতই পানি ঝরছে।
‘জরুরি বিভাগের পাশেই রয়েছে হাসপাতালের পুলিশ বক্স। পুলিশ সদস্য মিজানুর রহমান বলেন, বৃষ্টি হলেই ছাদ থেকে
পানি পড়ে। বৃষ্টির পরেও অনেকক্ষণ ধরেই ওপরে জমা হওয়া পানি ঝরতে থাকে। এ সময় বারান্দা দিয়ে চলাচল করতে
তাদের অসুবিধা হয়। বারান্দার অনেক জায়গাজুড়ে পানিতে ডুবে থাকে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, তিনি ঢাকায় রয়েছেন। হাসপাতালের সামনে
জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে—এমন খবর কেউ তাঁকে দেয়নি। আর জরুরি বিভাগের সামনের ছাদ থেকে পানি পড়ার কথা শুনে
তিনি অবাক হয়ে বলেন, এটাও তো তাঁর জানা নেই। তিনি এক্ষুনি এ ব্যাপারে খোঁজ নেবেন বলে জানান। তিনি বলেন, তাঁরা
কিছু সংস্কারকাজ করবেন, তার মধ্যে এটাও সেরে নেবেন।