নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর এলাকার এনায়েতনগর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটির প্রবেশমুখ তিন মাস ধরে জলাবদ্ধ। স্বাস্থ্যকেন্দ্রের পাশে থাকা একটি পুকুরের পানি আটকে যাওয়ার কারণে ওই জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এদিকে পুকুরের পূর্ব দিকে একটি ক্যানেল কেটে পানিনিষ্কাশনের ব্যবস্থা করা হলেও গত মঙ্গলবার ক্যানেলের দুই পাশের মাটির স্তূপ ভেঙে পড়ায় সেটি বন্ধ হয়ে গেছে। এতে চিকিৎসা কর্মকর্তা ও পরিদর্শকের জন্য বরাদ্দকৃত বাসভবনে পানি ওঠায় অন্যত্র ভাড়া থাকছেন তাঁরা।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের মূল গেটে এখনো পানি জমে আছে। স্বাস্থ্যকেন্দ্রের দক্ষিণে থাকা একটি পুকুরের পানি আটকে যাওয়ার কারণে ওই জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিতে কার্যালয়ে ওই পানি জমে যায়। পানিতে তলিয়ে যায় মেডিকেল অফিসারের কোয়ার্টারটিও।
স্থানীয় লোকজনের মতে, ক্যানেলটি ছয় ফুট গভীর করলে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে জমে থাকা পানি সরে যাবে।
স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন বলেন, স্বাস্থ্যকেন্দ্রের আঙিনা তলিয়ে থাকায় তিন মাস ধরে এর প্রবেশপথটি বন্ধ। স্বাস্থ্যকেন্দ্রের পেছনে একটি ছোট দরজা দিয়ে যাওয়া-আসা করছেন কর্মকর্তা-কর্মচারী ও স্বল্পসংখ্যক রোগী। পানিতে তলিয়ে গেছে চিকিৎসা কর্মকর্তা ও পরিদর্শকের বাসভবনটিও। এসব কারণে রোগীর সংখ্যাও কমছে। পানিবন্দী থাকার বিষয়টি স্বাস্থ্যকেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমানকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ২৫ আগস্ট তিনি এই স্বাস্থ্যকেন্দ্রে যোগদান করেছেন। জলাবদ্ধতা থাকায় বরাদ্দকৃত বাসভবনে যাওয়া সম্ভব হয়নি।
পরিবারকল্যাণ পরিদর্শিকা সালেহা বলেন, প্রবেশপথে পানি থাকার কারণে তাঁরা পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকেন। অনেক রোগীই বিষয়টি জানেন না বলে ফেরত চলে যান।
এনায়েতনগর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, সমস্যা সমাধানে আপাতত স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে জমে থাকা পানি সেচ করে বাইরে ফেলে দেওয়ার ব্যবস্থা করা হবে। আগামী দু-এক দিনের মধ্যে একটি পাম্প বসিয়ে আপাতত পানি সরানো হবে।
পরিবার পরিকল্পনা নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ বশিরউদ্দিন বলেন, ‘আগামী সোমবার আমরা এনায়েতনগর স্বাস্থ্যকেন্দ্রে যাব। সেখানে সরেজমিনে দেখে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রকৌশলী নিয়ে আমরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’