
রংপুরের কারমাইকেল কলেজের প্রবেশপথ সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।
লালবাগ হাট লাগোয়া ও কলেজের প্রবেশপথে মানববন্ধন চলাকালে সেখানে এক সমাবেশ হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকশির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি আহসানুল আরেফিন, সহসভাপতি রোকনুজ্জামান, কলেজ শাখার সাধারণ সম্পাদক হোজায়ফা সাকওয়ান। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন শিক্ষার্থী ইমরান সরকার, শাপলা রায়, রিপন রায়, মাহফুজ হোসেন প্রমুখ।
নেতারা বলেন, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের প্রবেশমুখের এই দুরবস্থা প্রায় ২৮ হাজার শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীর জন্য লজ্জাজনক। হাটের দিনে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে দুরবস্থা আরও বাড়িয়ে তোলে।