প্রবেশপথে হাট, বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে কারমাইকেল কলেজের প্রবেশমুখে লালবাগ হাট হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের যাওয়া-আসায় চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। সপ্তাহে রবি ও বুধবার এই দুদিন হাট বসে। বছরের পর বছর এ অবস্থা চলে আসছে।
কলেজ থেকে জানা যায়, প্রায় ২৮ হাজার শিক্ষার্থী এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। কলেজে ঢোকার প্রধান ফটক হলো একটি। এ ছাড়াও পশ্চিম দিকে আবাসিক মেসগুলো থেকে শিক্ষার্থীদের পাঁয়ে হাঁটার সামান্য ছোট একটি পথ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রধান গেটের দক্ষিণে প্রায় ২০০ গজ দীর্ঘ ও ২০ ফুট প্রস্থ একটি পাকা সড়ক রয়েছে। এর সঙ্গে প্রধান সড়ক এসে মিলেছে। কিন্তু সড়কের এই মিলনের স্থানে লালবাগ হাটের কারণে সড়কটিতে সব সময় মানুষের ভিড় থাকে। এর ফলে শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সপ্তাহে রবি ও বুধবার হাটের এই দুই দিনে শিক্ষার্থীদের কলেজে ঢুকতে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়।
গতকাল বুধবার হাটের দিন কলেজের প্রবেশপথে রিকশা ও মানুষের জটলা দেখা যায়। সড়ক দিয়ে চলাচল করা কষ্টকর। খুব সহজে রিকশা, সাইকেলসহ অন্য যেকোনো যানবাহন ঢুকবে এর কোনো উপায় নেই। এই সড়কের পাশে কয়েকটি দোকান বসে। কলেজ রেলক্রসিং থেকে প্রধান গেটের আগে অবস্থিত লালবাগ মোড় পর্যন্ত ১০০ গজের মধ্যে মানুষের ভিড় থাকে বেশি।
ভোগান্তির শিকার হিসাববিজ্ঞানের দুই শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও আলেয়া ফেরদৌসী বলেন, এত বড় এই কলেজের প্রবেশপথটি একেবারেই সংকুচিত। পায়ে হেঁটে চলাচলেও বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। বাংলার এক শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, হাটের কারণে ভিড় ঠেলে যেতে হয়। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কয়েকজন শিক্ষার্থী।
হাটে পণ্য নিয়ে বিক্রি করতে আসা কাপড় ব্যবসায়ী আলাল মিয়া বলেন, ‘রাস্তার পাশে বসে বিক্রি করছি। এতে করে কারও অসুবিধা হচ্ছে না।’
লালবাগ হাট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ফরিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
কারমাইকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সুজন শাহ-ই ফজলুল শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগের কথা উল্লেখ করে জানান, হাটের দিন রাস্তার ওপর জটলা থাকে। প্রবেশমুখে দোকানপাট বসে। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ এবং সিটি করপোরেশন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন জানান, কলেজের প্রবেশপথটি দিয়ে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।