প্রবেশে বাধা দেওয়ায় নাগরিকদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠের চারদিক প্রাচীর দেওয়া এবং মাঠে নির্মাণাধীন স্থাপনা নিয়ে আপত্তি তুলেছে পরিবেশবাদীসহ কয়েকটি নাগরিক সংগঠন। আবাসিক এলাকা ধানমন্ডির ৮ নম্বরে অবস্থিত মাঠটি একসময় সবার জন্য উন্মুক্ত ছিল।
তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে থাকা মাঠটিতে দুই বছর ধরে কেউ ঢুকতে পারে না। এ নিয়ে এলাকাবাসীরও ক্ষোভ রয়েছে।
মাঠটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়ে সংগঠনগুলো বলছে, ক্লাব কর্তৃপক্ষ এভাবে মাঠটি নিজেদের সম্পদ বানিয়ে ফেলার পাঁয়তারা করছে। তাদের দাবি, এখানে স্থাপনা নির্মাণ করে কার্যত আইন লঙ্ঘন করছে সিটি করপোরেশন ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
সরকারের এ দুটি সংস্থাই বলছে, ক্রীড়া স্থাপনা নির্মাণ দোষের কিছু নয়। তবে এখানে কাউকে ঢুকতে না দেওয়াটা অন্যায়। তবে ক্লাব কর্তৃপক্ষের দাবি, নির্মাণকাজ শেষ করে মাঠটি খুলে দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দেখা যায়, কংক্রিট এবং এর ওপর লোহার শিকের বেষ্টনী দিয়ে ঘেরা মাঠের একমাত্র বিশাল দরজাটি বন্ধ। ভেতরে ঢুকতে গেলে দরজায় দাঁড়ানো প্রহরী বাধা দেন। পরিচয় দিয়ে মাঠে গিয়ে দেখা যায়, পশ্চিম দিকে চলছে নির্মাণকাজ। সেখানে এক কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দুটি ব্যাডমিন্টন, দুটি টেনিস ও একটি বাস্কেটবল কোর্ট। নির্মাতাপ্রতিষ্ঠান ওরিয়েন্টেড ইন্টারন্যাশনাল।
ফুটবল খেলার সবুজ মাঠটি এক পাশে। দরজার এক পাশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নোটিশ ঝুলছে। সেখানে এই নির্মাণকাজ চলার জন্য কোনো ধরনের খেলাধুলা, ঘোরাফেরার জন্য ঢুকতে বারণ করা হয়েছে। দরজার পাশের আরেকটি সাইনবোর্ড এলজিইডির। সেখানে কোর্টগুলো নির্মাণ প্রকল্পের বর্ণনা দেওয়া আছে।
ষাটের দশকের ধানমন্ডি ক্লাবের নামের সঙ্গে ২০০৯ সালে ‘শেখ জামাল লিমিটেড’ যুক্ত হয়। এর পর থেকে কিছু কিছু পরিবর্তন আসে মাঠে। কয়েকজন এলাকাবাসী জানান, একসময় মাঠটিতে এলাকার অল্প বয়সীরা খেলত। বয়স্করা শরীরচর্চা করতেন বা বেড়াতেন। তবে দুই বছর হয়, মাঠটিতে কেউ ঢুকতে পারেন না। একসময়ের দুটি একতলা ছোট ঘরের জায়গায় এখন আরও পাঁচটি ঘর তোলা হয়েছে।
‘বেদখলকৃত মাঠ উদ্ধারে’ কয়েক বছর ধরে আন্দোলন করছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) কয়েকটি সংগঠন। বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবীব বলেন, আবাসিক এলাকার প্রতিটি মানুষের এই মাঠে প্রবেশের অধিকার আছে। তিনি বলেন, ক্লাবটির কোনো বরাদ্দপত্র নেই। কোন অধিকারবলে তারা এই দুঃসাহস দেখায়? এভাবে ক্রমান্বয়ে মাঠটি নিজেদের সম্পদ করে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
লিমিটেড প্রতিষ্ঠান শেখ জামালের মাঠে কেন সিটি করপোরেশন এবং এলজিইডি ক্রীড়া স্থাপনা নির্মাণ করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন।
মাঠটিতে ক্রীড়া স্থাপনা নির্মাণের যৌক্তিকতা নিয়ে গত বুধবার দক্ষিণ সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে রাজউক।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান এই চিঠির বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু এটা কোনো ইমারত নয়, তাই এখানে রাজউকের কোনো নির্দেশ মান্য করার প্রশ্ন নেই। এখানে খেলার মাঠে খেলার কোর্ট স্থাপন করা হচ্ছে।
শেখ জামাল খেলার মাঠের সামনে ঢুকতে নিষেধ করে দেওয়া সিটি করপোরেশনের বিজ্ঞপ্তি সম্পর্কে কিছুই জানেন না আনসার আলী খান। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো নোটিশ দেওয়া হয়নি। কারা দিয়েছে, এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’ তিনি বলেন, মাঠ ঘিরে দেওয়া অন্যায় নয়। কিন্তু এখানে অন্যের প্রবেশ নিষিদ্ধ করা অন্যায়। তাঁর সঙ্গে একমত পোষণ করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম। একটি ক্লাবে সরকারি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এমন স্থাপনা হলে বাধা কোথায়?
শেখ জামাল ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের জানান, সর্বসাধারণের জন্য দেওয়া নোটিশটি সিটি করপোরেশনের নয়, এটা ঠিকাদারের। তবে তাঁর কথা, ‘এখানে খেলাধুলা ছাড়া কোনো কিছু করিনি। করবও না।’
মাঠটি খুলে দেওয়ার বিষয়ে মঞ্জুর কাদের বলেন, মাঠটিতে নির্মাণকাজ শেষ হলে এটি উন্মুক্ত করে দেওয়া হবে।