রংপুর শহর ও আশপাশের আওয়ামী লীগের ক্যাডাররা পৌর নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এখন বদরগঞ্জ পৌর এলাকায় অবস্থান নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র মেয়র প্রার্থী আজিজুল হক রিটার্নিং কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকদের কাছে মৌখিকভাবে এ অভিযোগ করেন। একই অভিযোগ করেছেন আরও দুই মেয়র প্রার্থী।
আজিজুল হক অভিযোগ করেন, তাঁর জনপ্রিয়তা দেখে বিচলিত হয়ে পড়েছেন সরকারদলীয় মেয়র প্রার্থী ও তাঁর লোকজন। তাই নির্বাচনে প্রভাব বিস্তারে এবং তাঁকে ঠেকাতে সরকারদলীয় মেয়র প্রার্থী রংপুর ও আশপাশের উপজেলা থেকে দলীয় ক্যাডারদের এনে বদরগঞ্জে জড়ো করেছেন। তিনি অভিযোগ করেন, ‘গতকাল রোববার দুপুরে পৌরসভার কলেজ রেলগুমটি এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গেলে সরকারদলীয় কয়েকজন ক্যাডার আমার ভাতিজা জাফর আলীকে মারপিট করে মিথ্যা অভিযোগে থানায় দিয়েছে।’
বদরগঞ্জ থানাহাজতে আটক থাকা জাফর আলী গতকাল বিকেলে বলেন, ‘আমি স্বতন্ত্র মেয়র প্রার্থী আজিজুল হকের নারকেলগাছ মার্কায় ভোট চাইতে গেলে আওয়ামী লীগের কয়েকজন মাস্তান আমাকে মারপিট করে প্রাণনাশের হুমকি দেয়। তারা আমার পকেট থেকে ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে আমাকে পুলিশের হাতে তুলে দেয়।’
ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘আটক জাফর আলীর বিষয়ে এসি ল্যান্ড সাহেব (ম্যাজিস্ট্রেট) ভালো বলতে পারবেন।’
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এসি ল্যান্ড) কমল কুমার ঘোষ মুঠোফোনে বলেন, ‘অভিযুক্ত জাফর নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে কথা বলতে গেলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে দেয়। এরপর পুলিশ তাঁকে উদ্ধার করে এনে থানা হেফাজতে রেখেছে। তাঁর কাছে কোনো টাকাপয়সা পাওয়া যায়নি।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তম কুমার সাহা উল্টো অভিযোগ করেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী আজিজুল হকের ভাতিজা জাফর আলী ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণ করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন। পরে জনতাই তাঁকে পুলিশে দেয়।
অপর এক প্রশ্নের জবাবে উত্তম কুমার সাহা বলেন, ‘কোনো ক্যাডারদের স্থান আওয়ামী লীগে নেই। এসবে আমরা বিশ্বাস করি না।’ তিনি অভিযোগ করেন, ‘স্বতন্ত্র প্রার্থী আজিজুল হকই পৌরসভার বাইরে থেকে লোকজন এনে তাঁদের দিয়ে ভোটারদের প্রভাবিত করতে নগদ টাকা বিতরণ করছেন।’
অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তী ও ন্যাশনাল পিপলস পার্টির মেয়র প্রার্থী শামিম আরা বেগম অভিযোগ করেন, পৌর নির্বাচনকে প্রভাবিত করতে এবং ভোটারদের মধ্যে ভীতি ছড়াতে জেলার বিভিন্ন স্থান থেকে সরকারদলীয় ক্যাডার বাহিনীকে বদরগঞ্জে এনে জড়ো করে রাখা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, ‘বহিরাগতরা বদরগঞ্জে অবস্থান নিয়েছে বলে একজন মেয়র প্রার্থী মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্বসহ দেখা হচ্ছে।’