প্রভাব খাটিয়ে হাট ইজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের আওয়ামী লীগের সাংসদ ফজলে রাব্বী মিয়ার ছোট ভাই ফরহাদ রাব্বী প্রভাব খাটিয়ে ফুলছড়ি হাট কম মূল্যে ইজারা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই হাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে বলেও স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।
ফরহাদ রাব্বী জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ফুলছড়ি হাট ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি দরপত্র জমা পড়ে। সাংসদের ভাই হিসেবে প্রভাব খাটিয়ে ফরহাদ মাত্র ৪১ লাখ ১৩ হাজার ১০১ টাকায় এক বছরের জন্য হাটটি ইজারা নেন। কিন্তু গত বছর এই হাট ৬৫ লাখ ৫১ হাজার ১০১ টাকায় ইজারা দেওয়া হয়েছিল।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম পারভেজ অভিযোগ করেন, ফরহাদ রাব্বীর প্রভাবে এবার হাট ইজারা নেওয়ার জন্য কেউ দরপত্র কিনতে সাহস পাননি। তিনি নিজেই তিনটি দরপত্র দাখিল করে কাজ বাগিয়ে নেন। এর মধ্যে একটি তাঁর নিজের নামে এবং অপর দুটি তাঁর পছন্দের লোকের নামে কেনা হয়। এ কারণে সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হয়েছে।
হাটের ইজারা পেতে দরপত্র কিনলেও তা জমা দেয়নি রিমন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের মালিক সবুর মিয়া বলেন, ‘সাংসদের ভাই সমঝোতা করে হাট ইজারা নেবেন জেনে দরপত্র দাখিল করিনি।’ ফুলছড়ি হাট-বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবদুল কাইয়ুম বলেন, আয় অনুযায়ী হাটের ইজারা বর্তমানে ৮০ থেকে ৯০ লাখ টাকা হওয়া উচিত ছিল। কিন্তু সাংসদের ভাই প্রভাব খাটিয়ে কম মূল্যে ইজারা নিয়েছেন। কম মূল্যে দরপত্র দেওয়া হলেও নিয়মানুযায়ী ইউএনও পুনঃদরপত্র আহ্বান করেননি। ইউএনওর সঙ্গে যোগসাজশ করেই ফরহাদ রাব্বী হাটের ইজারা নিয়েছেন।
ফরহাদ রাব্বী বলেন, ‘নিয়মানুযায়ী দরপত্রে প্রতিযোগিতা করে ইজারা পেয়েছি। অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে না। আমাকে হেয় করতে একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে।’ সাংসদ ফজলে রাব্বী মিয়া বলেন, ‘ভাইয়ের নামে হাট ইজারা দিতে আমি কোনো প্রভাব খাটাইনি।’
জানা গেছে, গাইবান্ধা জেলার হাটবাজারে টোল আদায়ের মূল্য নির্ধারণ করে ১৪ মে ইউএনওদের চিঠি দেন জেলা প্রশাসক। চিঠিতে প্রতি মণ ধান ছয় টাকা, প্রতি মণ পাট আট টাকা, প্রতিটি ছাগল ৮০ টাকাসহ বিভিন্ন পণ্যের টোল নির্ধারণ করা হয়। কিন্তু ফুলছড়ি হাটে অতিরিক্ত হারে টোল আদায় করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুদি দোকানি জানান, মুদি দোকানের জন্য ১২ টাকা নির্ধারণ করা হলেও হাটের দিন তাঁদের কাছ থেকে দ্বিগুণ টোল নেওয়া হচ্ছে।