প্রভাব খাটিয়ে বিদ্যালয় কক্ষে সমিতির কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের একটি কক্ষ ভাড়ার নাম করে সমবায় সমিতির কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। অথচ কক্ষসংকটের কারণে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে সমবায় সমিতির কার্যালয় হওয়ায় তাদের লেখাপড়ায় অসুবিধা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক জানান, কক্ষের অভাবে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে; অথচ দোতলায় এত বড় একটি কক্ষ সমিতির নাম করে দখল করে রাখা হয়েছে। কিন্তু দখলকারীদের বিরুদ্ধে কারও মুখ খোলার সাহস নেই।

সরেজমিনে পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালের ১ সেপ্টেম্বর থেকে ইউনাইটেড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের ওই সমবায় সমিতি বিদ্যালয়ের ওই কক্ষটিকে কার্যালয় হিসেবে ব্যবহার করছে। বিদ্যালয়ের পূর্ব পাশের ভবনের দোতলায় ৮০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের কক্ষটিতে ঢুকে দেখা যায়, এটিকে ব্যাংকের মতো করে সাজানো হয়েছে। দরজার সামনে রয়েছে বড় সাইনবোর্ড। কক্ষে ঢোকার পর খান রাসেল নামের একজন নিজেকে প্রতিষ্ঠানের মালিক বলে পরিচয় দেন। বিদ্যালয়ের কক্ষ সমিতির কার্যালয় হিসেবে ব্যবহার করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্কুল কর্তৃপক্ষকে প্রশ্ন করুন।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক লাখ টাকা অগ্রিম নিয়ে মাসিক তিন হাজার টাকায় ওই সমিতিকে কক্ষটি ভাড়া দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত ভাড়া বাবদ এক টাকাও পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, খান রাসেল এলাকায় সুইট নামে পরিচিত। তিনি ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খান আবদুল মতিন এবং কালিয়া উপজেলা পরিষদের আওয়ামী লীগ-সমর্থিত নবনির্বাচিত চেয়ারম্যান খান শামীমুর রহমানের ছোট ভাই।

এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধুমতী নদীর অপর পাড়ে অবস্থিত বড়দিয়া এলাকায় খান আবদুল মতিন পরিবারের একচ্ছত্র আধিপত্য রয়েছে। তাদের বিরুদ্ধে ওই এলাকার মানুষ মুখ খোলার সাহস পায় না। তাই প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের দোতলার একটি বড় কক্ষ ভাড়ার নাম করে দখল করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মোট ৩০টি কক্ষের দরকার। আছে মাত্র ১১টি। কক্ষসংকটের কারণে মাঝেমধ্যে বারান্দায় ক্লাস নিতে হয়।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খান আবদুল মতিন বলেন, বিদ্যালয়ের আর্থিক সুবিধার জন্য ওই সমিতিকে ভাড়া দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে এক লাখ টাকা অগ্রিম নেওয়া হয়েছে। বিদ্যালয়ের কক্ষসংকটের কথা স্বীকার করে তিনি বলেন, আস্তে আস্তে বিদ্যালয়ের উন্নয়ন করা হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান বলেন, ‘সব ম্যানেজিং কমিটি কি স্কুলের স্বার্থ দেখে? ম্যানেজিং কমিটিই যদি ভোগ করে, তাহলে কী করার আছে? ওই এলাকা তাদের প্রভাবে চলে। তবু বিষয়টি নিয়ে কী করা যায়, দেখছি।’