দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওই অঞ্চলের জনগণের মানবাধিকারের ওপর কী প্রভাব পড়বে, তা পর্যালোচনা করতে লন্ডনভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান জিসিএম রিসোর্সের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার।
ব্রিটিশ সরকার প্রস্তাবিত এই কয়লাখনি প্রকল্পের ক্ষেত্রে করপোরেট আচরণের আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘন করার জন্যও জিসিএমকে অভিযুক্ত করেছে। এক বিবৃতিতে ব্রিটিশ সরকার বলেছে, ‘প্রকল্পটি বাংলাদেশে ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে, যা কিনা সহিংস প্রতিবাদে রূপ নেয় এবং তা ঠেকাতে বাংলাদেশ সরকার আরও মারমুখী ভূমিকা নেয়।’
ফুলবাড়ীতে জিসিএমের কার্যক্রম সম্পর্কে ব্রিটিশ সরকারের এক তদন্ত সম্পন্ন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার এ বিবৃতি প্রকাশ করা হয়। এশিয়া এনার্জিই নাম পরিবর্তন করে এখন জিসিএম রিসোর্স নামে পরিচিত। বিবৃতিতে বলা হয়, ফুলবাড়ী কয়লাখনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে চায় জিসিএম। কিন্তু প্রতিষ্ঠানটি ৩৪টি উন্নত দেশের আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন ওইসিডির বেঁধে দেওয়া বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর নির্দেশনা অনুসরণ করেনি। এই নির্দেশনায় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় জনগণের আস্থা অর্জন করে পারস্পরিক সমঝোতার মাধ্যমে কাজ করতে বলা হয়েছে।
ব্রিটিশ সরকারের এই তদন্তে সন্তোষ প্রকাশ করেছে জিসিএম। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের কোনোটিই তদন্তে প্রমাণিত হয়নি। ওইসিডির নির্দেশনার বিষয়ে জিসিএমের নির্বাহী চেয়ারম্যান মাইকেল ট্যাং বলেন, ‘আমাদের কর্মকাণ্ডের ব্যাপারে যেকোনো পর্যালোচনাকে আমরা স্বাগত জানাই। জিসিএম বাংলাদেশ সরকারকে সঙ্গে নিয়ে প্রকল্পটির সঙ্গে জড়িত সব পক্ষের বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে। এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে।’
যুক্তরাজ্য সরকারের তদন্তে এই উন্মুক্ত কয়লাখনি প্রকল্প ফুলবাড়ীর জনগণের ওপর কী ধরনের প্রভাব ফেলবে, সে সম্পর্কে কিছু বলা হয়নি।