প্রভাব বিস্তারের পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ও একই দলের ‘বিদ্রোহী’ প্রার্থী একে অপরের বিরুদ্ধে ভাড়াটে লোকজন এনে অবৈধভাবে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা এ অভিযোগ করেন।
উপজেলা প্রশাসন পৌর নির্বাচনের প্রার্থী এবং গণমাধ্যমের কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি-সংক্রান্ত এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীরা ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, র্যা ব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বক্তব্য দেন।
সভায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও বর্তমান মেয়র সাদেকুর রহমান বলেন, নির্বাচন সামনে রেখে একজন মেয়র প্রার্থী বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী ও অপরিচিত লোকজনকে জড়ো করে এনে ভোটারদের প্রভাবিত করতে চেষ্টা করছেন।
আওয়ামী লীগের প্রার্থী আবু তাহের ফজলে রাব্বী বলেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে স্থানীয় জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকার স্ত্রী ভোটারদের বাড়িতে গিয়ে তাঁদের প্রভাবিত করতে চেষ্টা করছেন। সাংসদের স্ত্রী ও তাঁর সহযোগীরা পৌর এলাকার বাসিন্দা না হয়েও এসব কাজ করছেন।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, কোনো অবস্থাতেই আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখা যাবে না। এ ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ওই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার খন্দকার মুহিত উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে যাঁরা জড়িত, তাঁদের চিহ্নিত করে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। কেন্দ্র দখলসহ ভোটারদের ভয়ভীতি করে নির্বাচন করার স্বপ্ন যাঁরা দেখছেন, তাঁরা ভুল করবেন।
মতবিনিময় সভায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া, সহকারী রিটার্নিং কর্মকর্তা হাবিবা আক্তার, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের প্রমুখ বক্তব্য দেন।