যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চাঁদাবাজির জন্য এককভাবে কাউকে দায়ী করে লাভ নেই, চাঁদাবাজি অনেকেই করে। সমাজের প্রভাবশালী কেউ কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত।’গতকাল বৃহস্পতিবার সকালে ফেনী সদর এলাকার শর্শদীতে লায়ন্স ক্লাব আয়োজিত দুস্থ মানুষের মধ্যে নগদ টাকাসহ নানা সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, মহাসড়কে তেমন যানজট হচ্ছে না, যতটুকু হচ্ছে তা একাধিক কারণে হচ্ছে। যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মুহূর্তে কাভার্ড ভ্যান চলাচল বন্ধ করে দেওয়া উচিত।লায়ন্স ক্লাব অব ফেনী, ফেনী মুহুরী ও ফেনী অর্কিড ক্লাবের আয়োজনে ঢেউটিন, সেলাই মেশিন, রিকশা, শাড়ি-কাপড়, নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন উর রশিদ মজুমদার, সাহায্য-সামগ্রীর দাতা আবদুর রকিব কাজমী প্রমুখ।