প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশির মধ্যে ৩৫ নতুন মুখ
যুক্তরাজ্যপ্রবাসী ১০০ প্রভাবশালী বাংলাদেশির দ্বিতীয় তালিকায় ৩৫ জন নতুন মুখ উঠে এসেছেন। গত মঙ্গলবার লন্ডনে হাউস অব কমন্সে ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার ১০০’ শীর্ষক এ তালিকা প্রকাশ করে ‘বি বি পাওয়ার ১০০’ নামের একটি সংগঠন।২০টি ক্ষেত্রে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে প্রভাবশালীদের এই তালিকায় টাওয়ার হ্যামলেটসের সরাসরি নির্বাচিত প্রথম বাংলাদেশি মেয়র লুৎফুর রহমান, পার্লামেন্ট সদস্য রুশনারা আলী ও আইরিন জুবায়দা খানের পাশাপাশি প্রতিশ্রুতিশীল কয়েকজন তরুণও রয়েছেন।বিভিন্ন ক্ষেত্রে ‘বিশেষ অবদানের জন্য’ সীমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ, লেখক তাহমিমা আনাম, রূপসজ্জা শিল্পী রুবি মিলি এবং অন্যান্য ক্ষেত্রে সফল আজমালুল হোসেন কিউসি, টিপু জাহেদ আজিজ, অ্যান্ডি মিয়া, মুরাদ চৌধুরী, নিনা হোসেন, রুকসানা বেগম ও রহিমা বেগম রয়েছেন।এ ছাড়া, চিকিৎসক আনিসুর রহমান, তাহসেন চৌধুরী ও রুবাইয়াৎ হক, পুলিশ কর্মকর্তা পিসি সাকিরা সুজিয়া, মোবো বিজয়ী জো রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মো. নবাব উদ্দীন ও উদ্যোক্তা সাবিরুল ইসলামের মতো নতুন মুখ স্থান পেয়েছেন তালিকায়।