দেশে সুশাসনের যে সংকট, তা থেকে উত্তরণে নাগরিকদের নিরাপদ সক্রিয়তা নয়, বরং ‘ঝুঁকিপূর্ণ সক্রিয়তা’ দরকার বলে মত দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
‘বাংলাদেশ সুশাসন পরিস্থিতি ২০১২: আঞ্চলিকতা, প্রতিনিধিত্ব, বৈষম্য’ বিষয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ (আইজিএস) এই প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, যেসব এলাকায় প্রভাবশালী মন্ত্রী থাকেন, সেসব এলাকায় উন্নয়ন বরাদ্দ বেশি থাকে।
এক বছর আগেকার সুশাসন পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশের এই অনুষ্ঠানে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি হোসেন জিল্লুরের আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়। তিনি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তীব্র সমালোচনা করে বলেন, নির্বাচনী প্রক্রিয়া থেকে ভোটার নাই হয়ে গেছে। ওই দিন তিনি কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ করার আহ্বান জানান। এটি ‘নাগরিক সক্রিয়তার’ একটি উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, নব্বইয়ের দশকে আমাদের গণতন্ত্রের উত্তরণ হয়েছিল। কিন্তু বর্তমানে সেই গণতন্ত্র বিপন্ন হতে চলেছে।
হোসেন জিল্লুর বলেন, ‘আমাদের স্বাধীনতাযুদ্ধ হয়েছিল কিছু আদর্শ নিয়ে। কিন্তু সেসব আদর্শ এখন নেই।’ হলফনামায় সাংসদ-মন্ত্রীদের সম্পদের যে বিবরণ পাওয়া গেছে, সেই সূত্র ধরে তিনি এসব কথা বলেন।
আইজিএস ২০০৬ সাল থেকে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করে আসছে। এবারের প্রতিবেদনে রাজনৈতিক সুশাসন, জেলা পর্যায়ে স্বাস্থ্য ও শিক্ষা খাতের সুশাসন প্রক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি আতাউর রহমান বলেন, দেশের রাজনীতির আকাশে এখন কালো মেঘের ঘনঘটা। দেশে এখন বন্ধ্যাত্ব বিরাজ করছে।
প্রকাশনা অনুষ্ঠানে আইজিএসের পক্ষ থেকে গবেষণার ফলাফল উপস্থাপন করেন গবেষক আশিকুর রহমান। তিনি বলেন, নীতি ও নীতি প্রণয়ন ক্ষমতাবানদের দ্বারা প্রভাবিত হচ্ছে। যেসব এলকায় প্রভাবশালী মন্ত্রী থাকেন, সেসব এলাকায় উন্নয়ন বরাদ্দ বেশি থাকে। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেখা গেছে বগুড়া ও সিলেটে বরাদ্দ বেশি হয়েছে। আবার এখন গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুরে উন্নয়ন বরাদ্দ অনেক বেশি। তিনি বলেন, ‘সবকিছু বিজয়ীদের দখলে যায়’—এই কথার স্থলে এখন ‘সবকিছু মন্ত্রীদের দখলে যায়’ বেশি শ্রেয়।’
গবেষক সেলিনা আজিজ বলেন, ঢাকায় ও বিভাগীয় সদরগুলোতে কর্মক্ষেত্রে চিকিৎসকদের উপস্থিতি বেশ ভালো। কিন্তু প্রত্যন্ত এলাকায় উপস্থিতি অত্যন্ত হতাশাজনক। যেমন, ভোলায় চিকিৎসকদের উপস্থিতি মাত্র ২২ শতাংশ। তিনি স্বাস্থ্যসেবা খাতকে নগরের দিকে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেন।
গবেষণায় বলা হয়, বিদ্যালয়ের উন্নত ব্যবস্থাপনা, শিক্ষকের মান—এসব ভালো ফলাফলে ভূমিকা রাখে। একই সঙ্গে শহরের স্কুলগুলো ভালো ফলাফল করে।
অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ উপদেষ্টা মনজুর আহমেদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব জাফর উল্লাহ খান। আলোচনা করেন অর্থনীতিবিদ মাহবুব হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রমুখ।