প্রভাবশালী মহল বন ধ্বংস করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে ভোলার প্রভাবশালী মহল বন ধ্বংস করছে, অন্যদিকে জলবায়ু হুমকিপূর্ণ এ জেলায় জলবায়ু উদ্বাস্তু বাড়ছে। জলবায়ুর ক্ষতিকর প্রভাব ও পরিবেশের ভারসাম্য মোকাবিলায় জেলার চারপাশে সবুজ বেষ্টনী গড়ে তোলাসহ টেকসই প্রকল্প হাতে নিতে হবে।
গতকাল বুধবার ‘জলবায়ু সহিষ্ণু অংশগ্রহণমূলক বনায়ন ও বিকল্প জীবিকায়ন কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান হয়। বিশ্বব্যাংকের সহযোগিতায় বন অধিদপ্তর, বেসরকারি সংস্থা উত্তরণ ও আরণ্যক ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে।
উন্মুক্ত আলোচনায় প্রবীণ সাংবাদিক আবু তাহের বলেন, বছরের ছয় মাস ভাঙনে ও বন্যায় ভোলা ডুবে যাচ্ছে, বাড়ছে জলবায়ু উদ্বাস্তু। এই অবস্থা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, তার উপায় বের করতে হবে। এ থেকে মুক্তি পেতে ভোলার চারপাশে সবুজ বেষ্টনী গড়ে তোলা উচিত।
চরফ্যাশন উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনতোষ সিকদার বলেন, প্লাবিত অঞ্চলে কীভাবে সবজি ও ফসল উৎপাদন করা যায়, তা খুঁজে বের করতে হবে।
ভোলা সাহিত্য একাডেমির সভাপতি পরিবেশকর্মী নজরুল হক বলেন, বাংলাদেশে বনায়নের চাহিদা ২৫ ভাগ। আছে ১৭ ভাগ। কিন্তু ভোলায় আছে ৩২ ভাগ। এটি আরও বাড়ত, যদি ভোলার ৬০ জন প্রভাবশালী ব্যক্তি বন সংরক্ষণে আন্তরিক হতেন। তাঁরা নতুন বনায়ন সৃষ্টি না করে বন ধ্বংস করছেন।
‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এবং ‘যদি না পাই অক্সিজেন, কেমন করে শ্বাস নেবেন’ স্লোগান নিয়ে বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে কর্মশালাটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। তিনি বলেন, ইতিমধ্যে ভোলার ইটভাটার মালিকদের পরিবেশ আইন মেনে ইট পোড়ানোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভাটায় কাঠ পোড়ানো যাবে না।