প্রভাবশালীদের আইনের আওতায় আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলায় প্রভাবশালীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ৷ তাঁদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে৷ গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চশমাহিলের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়৷
সংবাদ সম্মেলনে বলা হয়, ১০ ট্রাক অস্ত্র পাচারের সঙ্গে মৃতু৵দণ্ডপ্রাপ্ত আসামি ছাড়াও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, হাওয়া ভবনের ‘খলনায়ক’ তারেক জিয়া ও জামায়াত-বিএনপি জোটের অনেকের সম্পৃক্ততার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না৷ কারণ ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি তাৎক্ষণিকভাবে তৎকালীন প্রধানমন্ত্রীকে ঘটনাটি জানিয়েছিলেন৷ ওই সময় খালেদা জিয়া নিশ্চুপ ছিলেন৷ এই নীরবতার অর্থ পুরো ঘটনাটির ছক সম্পর্কে খালেদা জিয়া অবগত ও তাঁর নির্দেশনায় হয়েছে৷
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ বলেন, ১০ ট্রাক অস্ত্র মামলার কার্যক্রম নিম্ন আদালতে সমাপ্তি ঘটেছে৷ ইতিমধ্যে ১৪ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত৷ সরকার চাইলে খালেদা জিয়াসহ বাকিদের বিরুদ্ধে তদন্ত শুরু করা যেতে পারে৷
পিপি কামালউদ্দিন বলেন, এই অস্ত্র ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয়৷ এতে ভারতের অখণ্ডতা হুমকির মুখে পড়ার উপক্রম হয়৷ তাই এই ঘটনার জন্য তৎকালীন সরকারের শীর্ষ ব্যক্তিদের ভারত সরকার আন্তর্জাতিক আইন বা নিজস্ব আইনে ব্যবস্থা নিতে পারে৷ এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার এখতিয়ার কেবল ভারত সরকারের রয়েছে।