প্রভাবশালীদের আত্মীয় হলেও অপরাধীদের ছাড়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে অপহরণ করে সাতজনকে খুনের ঘটনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংসদেরা বিব্রত। তাঁরা সাধারণ মানুষের প্রশ্নের জবাবে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারছেন না। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এর সদস্যরা এ কথা বলেছেন।
বৈঠক সূত্র জানায়, কমিটির পক্ষ থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে কক্সবাজারসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, নারায়ণগঞ্জের ঘটনায় অপরাধীদের কেউ সরকারি দলের প্রভাবশালীদের আত্মীয়-স্বজন হলেও তাদের ছাড় দেওয়া হবে না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও খুনের বিষয়টি বৈঠকে উত্থাপন করেন সাংসদ আবু সাঈদ আল মাহমুদ।
বৈঠক শেষে কমিটির সভাপতি টিপু মুনশি সাংবাদিকদের বলেন, যে ঘটনা ঘটেছে তাতে দেশ-জাতি ও সংসদীয় কমিটি উদ্বিগ্ন। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গুম-অপহরণের ঘটনা শিগগির নিয়ন্ত্রণে আসবে এবং নারায়ণগঞ্জের বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেছেন, র্যাব কাউকে বাঁচানোর চেষ্টা করবে না। যেই জড়িত থাকুক, তার বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব-১১-এর পরিচালক তারেক সাঈদ মোহাম্মাদ সরকারের একজন মন্ত্রীর আত্মীয়—এ বিষয়টি উল্লেখ করলে টিপু মুনশি বলেন, কমিটি বলেছে, কোনো একজন ব্যক্তির অপরাধের জন্য সরকার বা দল দায়ী থাকবে না। দায়ী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তদন্তের অগ্রগতি জানতে আগামী ১৫ দিনের মধ্যে কমিটি আরও একটি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে বলে টিপু মুনশি সাংবাদিকদের জানান।
বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য মোজাম্মেল হোসেন, শামসুল হক, ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ ও কামরুন নাহার চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রমুখ।
গত ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহূত হন। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ পাওয়া যায়। এ অপহরণ ও হত্যায় র্যাব জড়িত আছে বলে অভিযোগ করেছে নজরুলের পরিবার।